কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর মুক্ত দিবস পালন
নানা কর্মসূচির মাধ্যমে গতকাল বৃহস্পতিবার পালিত হয়েছে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর মুক্ত দিবস।
সকাল নয়টায় কুমিল্লা টাউন হল প্রাঙ্গণ থেকে কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিনের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টাউন হল মাঠে এসে শেষ হয়। ওই শোভাযাত্রায় মুক্তিযোদ্ধারা লাল পতাকা নিয়ে মিছিল করেন। সন্ধ্যায় কুমিল্লা টাউন হলের স্মৃতিসৌধে শিখা প্রজ্বালন করা হয়। এরপর টাউন হলের মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মুক্তমঞ্চে লাল-সবুজের শামিয়ানার নিচে আলোচনা সভা হয়।
ব্রাহ্মণবাড়িয়া মুক্ত দিবস উদ্যাপনে ফেসবুকভিত্তিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘আমরাই ব্রাহ্মণবাড়িয়া’ শহরের গভ. মডেল গার্লস হাইস্কুলের সীমানাপ্রাচীর বিজ্ঞাপনমুক্ত করে বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে একাত্তরের মুক্তিযুদ্ধের বিভিন্ন চিত্রসহ ব্রাহ্মণবাড়িয়ার কৃতী সন্তানদের ছবি আঁকে। ‘রঙিন হবে আমাদের স্কুল’ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রেজুওয়ানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন। ব্রাহ্মণবাড়িয়ার আটজন বিশিষ্ট ব্যক্তির মধ্যে ছিলেন চলচ্চিত্র পরিচালক মোরশেদুল ইসলাম, অভিনেতা ইরেশ যাকের, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আশরাফুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির, সোশ্যাল মিডিয়া আক্টিভিস্ট সোলায়মান সুখন, মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, চিকিৎসক বজলুর রহমান, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিশাত সুলতানা খানম।
সকাল আটটায় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান।
চলচ্চিত্র পরিচালক মোরশেদুল ইসলাম শিক্ষার্থীসহ দর্শকদের উদ্দেশে বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করতে হবে। স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন যত বড় হবে, তোমরাও তত বড় হবে। দেয়ালে আঁকা স্পষ্ট করে দিয়েছে যে স্কুল ও কলেজপড়ুয়া শিক্ষার্থীদের মনে মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত আছে।’
চাঁদপুর মুক্ত দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে বেলা ১১টায় শহরের অঙ্গীকার প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে গিয়ে শেষ হয়। এর আগে শহরের মুক্তিযোদ্ধা সড়কে মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য অঙ্গীকার পাদদেশে মুক্তিযোদ্ধা সমাবেশে অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন পর্যায়ের মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। বিকেলে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয় মাঠে মাসব্যাপী বিজয় মেলার উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি।