কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কে যানজট
কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার হরিণধরা এলাকার গর্তে গতকাল মঙ্গলবার একটি ট্রাক ও একটি যাত্রীবাহী বাস পড়ে বিকল হয়ে যায়। এতে মহাসড়কের উভয় দিকে আট কিলোমিটার যানজট সৃষ্টি হওয়ায় যাত্রীরা দুর্ভোগে পড়ে।
প্রত্যক্ষদর্শী সুগন্ধা পরিবহনের যাত্রী রেজাউল করিম জানান, গতকাল সকাল ছয়টায় সিলেটগামী কাঠের গুঁড়িবোঝাই একটি ট্রাক বুড়িচং উপজেলার হরিণধরা বিদ্যুৎকেন্দ্র এলাকায় বিকল হয়ে যায়। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে এক লেনে যানবাহন চলাচল শুরু করায়। এর মধ্যে হঠাৎ যাত্রীবাহী একটি বাস একই এলাকায় কাদার মধ্যে আটকে যায়। পরে পুলিশ রেকার এনে বিকল যানবাহন সরিয়ে নিলে বেলা ১১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ সাইফউদ্দিন বলেন, বিভিন্ন সময়ে মহাসড়কটি সংস্কার করা হয়। ভারী বর্ষণ ও ভারী যানবাহন চলাচল করায় এবার সড়কটি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। শিগগিরই সড়কটি সংস্কার করা হবে।