কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কের ৪২ কিলোমিটার বেহাল
কুমিল্লার ময়নামতি সেনানিবাস এলাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পর্যন্ত ৪১ দশমিক ৫ কিলোমিটার মহাসড়কের বেহাল দশা। বিভিন্ন স্থানে উঠে গেছে পিচ। কোথাও মহাসড়কের প্রস্থ কম, আবার কোথাও মহাসড়কের সেতু ও কালভার্টগুলোর ঝুঁকিপূর্ণ অবস্থা। সরু সেতুর কারণে প্রায়ই যানজট লেগে থাকে। জাতীয় মহাসড়ক হলেও প্রতিদিন এই পথ দিয়ে ঝুঁকি নিয়েই পার হতে হচ্ছে মালবাহী বিভিন্ন ভারী যানবাহনসহ ১০ হাজার বাহনকে। সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, মহাসড়কে ৫১টি সেতু ও কালভার্ট রয়েছে। এর মধ্যে ৩৮টি বক্স কালভার্ট, আটটি আরসিসি গ্রাডার সেতু, চারটি স্লেভ কালভার্ট ও একটি আর্চ মেশিনারি সেতু। ওই সেতুগুলোর মধ্যে একেবারেই খারাপ ১১টি, খারাপ নয়টি ও মোটামুটি খারাপ ৩১টি। সেতুগুলোর মধ্যে মুকিমপুর, শনচাইল, ইউসুফপুর ও বাকননগর সেতুর নড়বড়ে অবস্থা। যেকোনো সময় সেতু চারটি ধসে পড়ার আশঙ্কা স্থানীয় বাসিন্দাদের। লরি চালক আবুল হোসেন ও ট্রাকচালক মিজানুর রহমান বলেন, ‘জানডা হাতে রাইক্যা (রেখে) গাড়ি টানতাছি, ব্রিজে উঠলে আল্লাহকে ডাকি। কেউ এগুলো ঠিক করে না।’এদিকে মুকিমপুর এলাকার আরসিসি গ্রাডার সেতুর কার্যাদেশ দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। ঠিকাদার দুই বছর আগে কাজ পেলেও এখন পর্যন্ত কাজ শুরু করেনি। একই সঙ্গে ইউসুফপুর আরসিসি গ্রাডার সেতুরও একই সময়ে কার্যাদেশ দেওয়া হয়েছে। কিন্তু কাজ শুরু করা হয়নি। অন্য দুই সেতুর ব্যাপারে এখন পর্যন্ত কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়নি। ক্ষমতাসীন দলের প্রভাবশালী ঠিকাদার হওয়ায় এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি সওজ কর্তৃপক্ষ।সওজ কুমিল্লার উপবিভাগীয় প্রকৌশলী জাহেদ হোসেন বলেন, এ মহাসড়ক দিয়ে প্রতিদিন গড়ে ১০ হাজার যান চলাচল করে। এর মধ্যে ৪০-৫০ টন মালবাহী যানবাহনও আছে। সিলেট থেকে চট্টগ্রাম অঞ্চলে এ মহাসড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার ট্রাক পাথর নিয়ে যাতায়াত করে। সড়কটি জাতীয় মহাসড়ক ঘোষণা করা হয়েছে ১৫ বছর আগে। কিন্তু এটিকে ওই মানের মহাসড়ক মনে করা হচ্ছে না। জাতীয় মহাসড়ক হতে হলে ২৪ ফুট প্রস্থ সড়ক থাকতে হবে। কিন্তু কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সড়কের প্রস্থ ১৮ ফুট। ক্ষেত্রবিশেষে ২০ ফুটও আছে। মহাসড়ক ঘোষণা করা হলেও এর মান নিয়ে প্রশ্ন রয়েছে। সওজ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মো. হাফিজুর রহমান বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা-সিলেট মহাসড়কের মধ্যবর্তী স্থানে কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া মহাসড়ক। ওই দুই জাতীয় মহাসড়কের কোথাও যান চলাচলে বিঘ্ন ঘটলে বিকল্প হিসেবে ওই মহাসড়ক ব্যবহার করা যাবে। দাউদকান্দির মেঘনা-গোমতী সেতুর মেরামতকাজের সময় কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সড়ক ব্যবহার করা হয়েছে। কিন্তু ওই মহাসড়ক ভারী যানবাহনের চাপ নিতে পারেনি। মহাসড়কটি সংস্কার করা না হলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মতো গভীর খাদের সৃষ্টি হবে। যারা কাজ পেয়ে কাজ শুরু করেনি, তাদেরকে আমরা তাগাদা দিয়েছি।’ মহাসড়ক প্রসঙ্গে নির্বাহী প্রকৌশলী আরও বলেন, বিভাগীয়ভাবে ও ক্ষুদ্র ক্ষুদ্র পিএমপির মাধ্যমে ওই সড়কটি যানবাহন চলাচলের উপযোগী রাখা হচ্ছে। গত বর্ষা মৌসুমে কাজ হলেও আগামী বছর টিকবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। তিনি আরও বলেন, কংশনগর এলাকায় গোমতী নদী থেকে বালু এনে মহাসড়কে রাখা হয়। বালুর পানিতে মহাসড়কে খানাখন্দের সৃষ্টি হয়েছে।