কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ঢোকার সব সড়কে জলাবদ্ধতা
একদিকে রেললাইন, অন্য তিন দিকে সড়ক। মাঝখানে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ডিগ্রি শাখার অবস্থান। শ্রাবণের টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে পানি কলেজ-আঙিনা গড়িয়ে তিন দিকের সড়কে জমে আছে।
এতে করে আগের খানাখন্দে ভরা সড়কগুলোর বিভিন্ন স্থানে ডোবার মতো তৈরি হয়েছে। কোথাও কোথাও হাঁটুপানি জমে আছে। পিচ, খোয়া ও ইট উঠে গিয়ে এটি ‘কাঁচা’ সড়কে পরিণত হয়েছে। কুমিল্লার আদর্শ সদর উপজেলার দুর্গাপুর দক্ষিণ ইউনিয়নের ধর্মপুর-দৌলতপুর ও ছায়াবিতান এলাকাজুড়ে ওই দুই কিলোমিটার সড়ক।
গত ১৭আগষ্ট সকাল নয়টায় সরেজমিনে দেখা গেছে, ধর্মপুর চৌমুহনী থেকে দৌলতপুর টিঅ্যান্ডটি দপ্তর পর্যন্ত পাঁচ শতাধিক ছোট-বড় গর্ত রয়েছে। এর মধ্যে অন্তত ২০টি বড় গর্তে পানি জমে তা অনেকটা ডোবার রূপ নিয়েছে। কলেজের পশ্চিম পাশে সড়কের ধর্মপুর চৌমুহনী থেকে কলেজের বিজ্ঞান ভবনের ফটক পর্যন্ত সড়কের পিচ, খোয়া ও ইট উঠে গেছে। বিজ্ঞান ভবনের সামনের সড়কের বড় গর্তে রোববার ভোরে আটকে যাওয়া মালবাহী একটি ট্রাক সকাল নয়টা পর্যন্ত সরানো যায়নি। বিজ্ঞান ভবন থেকে কলেজের মসজিদ পর্যন্ত সড়কে হাঁটুপানি। কবি নজরুল হল থেকে দৌলতপুরের দক্ষিণ মাথা পর্যন্ত সড়কে পানি জমে আছে। কলেজের দক্ষিণ পাশে দৌলতপুর এলাকায় সড়ক গর্ত ও খানাখন্দে ভরা। কলেজের পূর্ব-দক্ষিণ কোণে ছায়াবিতান সড়কে হাঁটুপানি। তিন দিকের সড়ক নোংরা ও জলাবদ্ধ হওয়ার কারণে এখন হাঁটা কঠিন হয়ে পড়েছে। ওই এলাকায় যাত্রীবাহী কোনো ধরনের যানবাহন যেতে চাচ্ছে না। গত বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত টানা বৃষ্টি হয়েছে। বৃষ্টির পানি কোথাও সরতে না পারায় শিক্ষার্থীদের ভোগান্তি প্রকট হয়েছে।
কলেজের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আবদুল কাদের বলেন, ‘কলেজের সব ভবন ও ছাত্রাবাসেই হাঁটুপানি। সড়কের মধ্যেও পানি জমে আছে। পানিবন্দী হয়ে ছাত্রাবাসের কক্ষে বসে আছি আমরা।’
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কুমিল্লা কার্যালয় সূত্রে জানা গেছে, ধর্মপুর চৌমুহনী থেকে দৌলতপুর দক্ষিণ পাশের মোড় পর্যন্ত প্রায় এক হাজার ৬০০ মিটার দীর্ঘ সড়ক রয়েছে। একই সঙ্গে ছায়াবিতান এলাকায় রয়েছে আরও ৪০০ মিটার সড়ক। ২০১২ সালে খানাখন্দে ভরা ওই সড়কে কিছু ইটের টুকরা ও খোয়া ফেলা হয়েছিল। ওই মেরামতকাজ তিন মাসও টেকেনি।
আদর্শ সদর উপজেলার সদ্য সাবেক প্রকৌশলী আবদুস সাত্তার বলেন, সড়কটি আরসিসি করার জন্য অধিদপ্তরে দেড় কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল। একই প্রকল্প থেকে মেরামতের জন্য একবার বরাদ্দ নেওয়ায় নতুন করে আর কোনো টাকা ছাড় দেওয়া হয়নি। যে কারণে দিনের পর দিন সড়কটি খারাপের দিকে যাচ্ছে।
আদর্শ সদর উপজেলার বর্তমান প্রকৌশলী নূরুল ইসলাম বলেন, গত অর্থবছরে প্রকল্প নেওয়া হয়েছিল। সময় শেষ হয়ে যাওয়ার কারণে অনুমোদন পাওয়া যায়নি। বর্তমানে সড়কের অবস্থা খুব খারাপ। এত দিন বরাদ্দ ছিল না বলে কাজ হয়নি। এবার সড়কটি প্রকল্পে অন্তর্ভুক্ত হতে পারে।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ এ কে এম আছাদুজ্জামান বলেন, সড়ক মেরামত ও কলেজের জলাবদ্ধতা নিরসনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ে লিখিত আকারে একাধিকবার আবেদন করা হয়েছে। কিন্তু এর পরও সড়ক মেরামত করা হয়নি।