কুমিল্লা মডার্ন হাইস্কুল পরিচালনায় অ্যাডহক কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা মডার্ন হাইস্কুল ব্যবস্থাপনায় আগামী ছয় মাসের জন্য চার সদস্যের ‘অ্যাডহক’ (অস্থায়ী) কমিটি করা হয়েছে। গত বুধবার কুমিল্লা শিক্ষা বোর্ড এ কমিটির অনুমোদন দেয়।
অ্যাডহক কমিটিকে এই সময়ের মধ্যে বিধি মোতাবেক একটি নিয়মিত ব্যবস্থাপনা কমিটি গঠন করতে বলা হয়েছে।
আলোচিত নেতা কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আফজল খান এ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। তিনি প্রতিষ্ঠালগ্ন থেকেই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ছিলেন।
অ্যাডহক কমিটিতে বিদ্যালয়ের শিক্ষকদের বাইরে যে দুজন স্থান পেয়েছেন, তাঁরা কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিনের অনুসারী। সম্প্রতি বিদ্যালয়ের এমপিওভুক্ত শিক্ষকদের এমপিও (বেতনের সরকারি অংশ) বাতিলের চেষ্টার অভিযোগে ৩৯ জন শিক্ষক ও কর্মচারী আন্দোলন করেন। এরই পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ ও নির্দেশে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বিদ্যালয়ের অচলাবস্থা নিরসনের উদ্যোগ নেয়।
অ্যাডহক কমিটির সদস্যরা হলেন সভাপতি কুমিল্লা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আরফানুল হক, সদস্যসচিব বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মমতাজ বেগম, শিক্ষক প্রতিনিধি রাসেল উদ্দিন মজুমদার ও অভিভাবক প্রতিনিধি কুমিল্লা সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জমির উদ্দিন খান।
কুমিল্লা শিক্ষা বোর্ডের বিদ্যালয় উপপরিদর্শক মোহাম্মদ কামরুজ্জামান বলেন, কুমিল্লা মডার্ন হাইস্কুলের নিয়মিত কমিটির মেয়াদ শেষ হওয়ার পর অ্যাডহক কমিটি গঠন করা হয়। বোর্ড এর অনুমোদন দিয়েছে।
বর্তমান কমিটির সভাপতি আরফানুল হক বলেন, বিদ্যালয়কে আরও সুন্দরভাবে পরিচালনার জন্য বিধি মোতাবেক সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনের মাধ্যমে ব্যবস্থাপনা কমিটি করা হবে। তিনি বলেন, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটির শিক্ষকেরা হয়রানির শিকার হয়েছেন। বিদ্যালয়ের আর্থিক ব্যবস্থাপনায় ত্রুটিসহ নানা অনিয়ম রয়েছে। সেগুলো দূর করার চেষ্টা করা হবে।