কুমিল্লা মহানগর আ.লীগের কমিটি নেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের কোনো কমিটি নেই। দীর্ঘদিন কমিটি না হওয়ায় পদবঞ্চিত নেতা-কর্মীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। নেই নগরের ২৭ ওয়ার্ডে আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি। ১০ বছর আগে গঠিত শহর কমিটিও নিষ্ক্রিয়। ওই কমিটির কোনো কার্যক্রমই নেই। উদ্ভূত পরিস্থিতিতে নেতা-কর্মীরা শিগগিরই সৎ, যোগ্য, পরীক্ষিত, ত্যাগী ও তরুণ নেতৃত্বকে দিয়ে মহানগর কমিটি গঠন করার দাবি জানিয়েছেন। দলীয় নেতা-কর্মীরা জানান, ২০১১ সালের ১০ জুলাই কুমিল্লা সিটি করপোরেশনে উন্নীত হয়। ২০১২ সালের ৫ জানুয়ারি কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন হয়। এরপর কুমিল্লা মহানগর হলেও এখানে আওয়ামী লীগের কোনো কমিটি নেই। ২০১২ সালের ২৬ ফেব্রুয়ারি দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের তৃণমূল নেতাদের বৈঠক হয়। ওই বৈঠকেও মহানগর কমিটির দাবি উত্থাপন করা হয়। পরে ওই বছরের জুলাই মাসে কুমিল্লা শহর আওয়ামী লীগের বর্তমান সভাপতি রুস্তম আলী মহানগর কমিটির একটি প্রস্তাব দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকের কাছে পাঠান। কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের আওয়ামী লীগদলীয় সাংসদ ও শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আ ক ম বাহাউদ্দিনকে আহ্বায়ক এবং রুস্তম আলীকে সদস্যসচিব করে ৮১ জনের একটি নামের তালিকা পাঠানো হয়। এরপর কেন্দ্র থেকে কোনো সাড়া মেলেনি। দলের নির্ভরযোগ্য একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের একটি অংশ কোনোভাবেই সদর আসনের সাংসদ বাহাউদ্দিনকে মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক পদে দেখতে চায় না। আবার এটাও সত্য, সাংসদ বাহাউদ্দিন দলের দায়িত্বে থাকলে কুমিল্লা মহানগরে আওয়ামী লীগ আরও শক্তিশালী হবে। পাড়ায় পাড়ায় দল সাংগঠনিকভাবে দাঁড়াবে। সরকারবিরোধী আন্দোলন ঠেকানো যাবে। যে কারণে কমিটি গঠন নিয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগ সময়ক্ষেপণ করছে। জানতে চাইলে শহর আওয়ামী লীগের বর্তমান সভাপতি রুস্তম আলী বলেন, ‘সদর আসনের সাংসদ বাহাউদ্দিনকে মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক করলে দল চাঙা থাকবে। তিনি এর আগে কুমিল্লা শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ছিলেন। তা ছাড়া, অধুনা বিলুপ্ত কুমিল্লা পৌরসভার দুবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। গত ২৬ ফেব্রুয়ারি তাঁকে ওই পদ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে গণভবনে গিয়ে প্রস্তাব করি। এখন দেখা যাক কী হয়?’ তিনি আরও বলেন, ‘২০০৩-০৪ সালে কুমিল্লা শহর আওয়ামী লীগের ৬৭ সদস্যবিশিষ্ট কমিটি হয়। ওই কমিটি বর্তমানে নিষ্ক্রিয়। দ্রুত মহানগর কমিটি চাই। এর মাধ্যমে অনেক নেতৃত্ব বেরিয়ে আসবে।’ এ প্রসঙ্গে সাংসদ আ ক ম বাহাউদ্দিন বলেন, ‘আমি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক হতে চাই। দলকে সুসংগঠিত করার জন্য মহানগর কমিটির বিকল্প নেই। নেতা-কর্মীরা ওই কমিটির জন্য মুখিয়ে আছেন।’ কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সফিকুল ইসলাম শিকদার বলেন, ‘আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি যখন বলবে, তখনই কমিটি হবে। কমিটি হলে আমি মহানগরে থাকতে চাই।’