কুমিল্লা মহানগরের আটটি রাস্তার কাজ নির্ধারিত সময়ে শেষ হয়নি
নির্ধারিত সময়ের মধ্যে শেষ হয়নি কুমিল্লা মহানগরের আটটি গুরুত্বপূর্ণ প্রধান সড়কের কাজ। ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর অবহেলায় ওই কাজ শেষ হয়নি। এ অবস্থায় নগরবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। একই সঙ্গে যথাসময়ে কাজ শেষ না হওয়ায় নগর পরিচালন ও অবকাঠামো উন্নীতকরণ প্রকল্প-২ (ইউজিআইআইপি) হুমকির মুখে পড়েছে।আগামী ৩০ জুনের মধ্যে ওই প্রকল্পের কাজ শেষ করে নতুন করে প্রকল্প শুরু করতে হবে। কুমিল্লা সিটি করপোরেশনের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা প্রথম আলোর কাছে নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি নিশ্চিত করেন। কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী শেখ মো. নূরুল্লাহ বলেন, ২০১১ সালের ১২ জুলাই কুমিল্লা মহানগরের ১৩টি গুরুত্বপূর্ণ প্রধান সড়কের উন্নয়নমূলক কাজের কার্যাদেশ দেওয়া হয়।শর্তানুযায়ী ২০১২ সালের ১১ মার্চ ওই কাজ শেষ হওয়ার কথা। কিন্তু নির্ধারিত সময়ে মাত্র পাঁচটি সড়কের কাজ শেষ হয়েছে। অন্য আটটি সড়কের কাজ এখনো শেষ হয়নি। এসব সড়কে কেবল মেগাডম দেওয়া হয়েছে, কিন্তু কার্পেটিং করা হয়নি। এ অবস্থায় সড়কগুলোতে পানি জমে একাকার হয়ে আছে। কোথাও কোথাও সড়কের মাঝখানে গভীর খাদের সৃষ্টি হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে নগরবাসীকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।গতকাল মঙ্গলবার দুপুরে সড়কগুলো ঘুরে দেখা গেছে, বাগিচাগাঁও এলাকার দমকল পুকুরপাড়ের লে. কর্নেল মোস্তাক আহমেদ সড়কে গভীর খাদের সৃষ্টি হয়েছে। মেগাডম উঠে সেখানকার সড়কের মধ্যে পানি জমে আছে। অন্যদিকে রাজগঞ্জ-দেশওয়ালীপট্টি সড়কে কাদা জমে একাকার। রামমালা সড়কের বিভিন্ন স্থানে মেগাডম উঠে গেছে। ঠাকুরপাড়ার প্যারামেডিক কলেজ এলাকায় সড়কের মধ্যে পানি ও কাদা জমে আছে। রেইসকোর্সের জাফর খান সড়কেরও একই অবস্থা।এ প্রসঙ্গে বাগিচাগাঁও এলাকার বাসিন্দা ও সাপ্তাহিক অভিবাদন পত্রিকার সম্পাদক আবুল হাসানাত বাবুল বলেন, ‘সড়কে কয়েক মাস আগে ইট ফেলা হলেও কাপের্টিং করা হয়নি। একটু বৃষ্টি হলেই পুরো সড়ক জলমগ্ন হয়ে পড়ে। দুর্ভোগ আর ভোগান্তি নিয়ে এই সড়ক দিয়ে যানবাহন চলাচল করে। দ্রুত সড়কের নির্মাণকাজ শেষ করা দরকার।’সিটি করপোরেশনের প্রকৌশল শাখা সূত্রে জানা গেছে, নগরের আটটি সড়কের ঠিকাদার হচ্ছেন যথাক্রমে কুমিল্লার মেসার্স আলিম অ্যান্ড কোম্পানির আবদুল আলিম, মেসার্স রাসেল আহমেদ মজুমদারের রাসেল, মেসার্স শেলী এন্টারপ্রাইজের আবদুর রহমান, মেসার্স নূর-উর-রহমান মাহমুদ তানিমের স্বত্বাধিকারী তানিম ও নরসিংদীর মেসার্স ইফা কনস্ট্রাকশনের ইমরান হোসাইন। এর মধ্যে মেসার্স রাসেল আহমেদ মজুমদার দুটি এবং নরসিংদীর মেসার্স ইফা কনস্ট্রাকশন তিনটি সড়কের উন্নয়নকাজ পেয়েছে। এদিকে নির্ধারিত সময়ে কাজ শেষ না করায় গত ১০ মে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মো. মনিরুল হক সাক্কু ঠিকাদারদের একটি চিঠি দেন। তিন কার্যদিবসের মধ্যে ওই চিঠির জবাব দেওয়ার জন্য বলা হয়। কিন্তু কোনো ঠিকাদারই মেয়রের চিঠির জবাব দেননি। উদ্ভূত পরিস্থিতিতে ৪ জুন মেয়র ঠিকাদারদের তাঁর কার্যালয়ে ডেকে আনেন। ওই সময় সড়কের চলমান ভৌত কাজের অগ্রগতি সম্পর্কে জানতে চান। ঠিকাদারেরা মেয়রকে কাজ শুরুর আশ্বাস দিলেও এখন পর্যন্ত তাঁরা কাজ শুরু করেননি।কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মো. মনিরুল হক সাক্কু বলেন, ‘নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারায় আমরা ঠিকাদারদের নিয়ে সভা করেছি। তাঁদের বলেছি, আগামী ১০ জুলাইয়ের মধ্যে কাজ শেষ করতে হবে। অন্যথায় সিটি করপোরেশন নিজেই ওই কাজ শেষ করবে।’