কুমিল্লা মুক্ত দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা
কুমিল্লা মুক্ত দিবস উপলক্ষে গতকাল রোববার সকালে নগরের টাউন হল মাঠ থেকে জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এতে মুক্তিযোদ্ধাসহ নানা পেশাজীবী লোকজন অংশ নেন। শোভাযাত্রাটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।
শোভাযাত্রায় অংশ নেন মুক্তিযোদ্ধা ও কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সফিউল আহমেদ, জেলা পরিষদের প্রশাসক মো. ওমর ফারুক, কুমিল্লা শহর আওয়ামী লীগের সভাপতি রুস্তম আলী, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি জহিরুল ইসলাম, জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী আবুল বাশার ও মুক্তিযোদ্ধা কুতুবউদ্দিন আহমেদ প্রমুখ। এর আগে টাউন হল মাঠের মুক্ত মঞ্চে জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। বিকেলে একই স্থানে হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
১৯৭১ সালের ৮ ডিসেম্বর কুমিল্লা মুক্ত হয়।