কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ (ইন্টার্ন) চিকিত্সকেরা গতকাল বুধবার হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে রোগীদের নিবন্ধন খাতা ছিনিয়ে নিয়েছেন। এরপর হাসপাতালের কয়েকটি ফটকে তালা লাগিয়ে দেন। হাসপাতালের সামনের সড়কে টায়ার ও কাঠের গুঁড়ি জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেন।চিকিত্সক, সেবিকা ও কর্মচারীদের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবিতে তাঁরা এ কর্মসূচি পালন করেন।অভিযোগ রয়েছে, গত ২৮ এপ্রিল এই হাসপাতালে এক রোগীর স্বজনদের হাতে চিকিত্সকসহ আটজন মারধরের শিকার হন। শিক্ষানবিশ চিকিত্সকদের সূত্র জানায়, গতকাল সকাল ১০টায় ৪৫ জন শিক্ষানবিশ চিকিত্সক হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে রোগীদের নিবন্ধন খাতা নিয়ে আবাসিক চিকিত্সকদের রোগী দেখা থেকে বিরত রাখেন। এরপর চিকিত্সকেরা হাসপাতালের বিভিন্ন ফটকে তালা দিয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন। একপর্যায়ে তাঁরা হাসপাতাল-লাগোয়া সামনের সড়কে টায়ার ও কাঠের গুঁড়ি এনে আগুন ধরিয়ে দেয়। শিক্ষানবিশ চিকিত্সকদের ওই কর্মসূচির কারণে হাসপাতালে সেবা নিতে আসা রোগী ও স্বজনেরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। একপর্যায়ে হাসপাতালের তত্ত্বাবধায়কের কক্ষে আন্দোলনরত শিক্ষানবিশ চিকিত্সকদের সঙ্গে জেলা বিএমএ, হাসপাতাল কর্তৃপক্ষ ও কলেজ কর্তৃপক্ষের এক বৈঠক হয়। ওই বৈঠকে উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক নূর মোহাম্মদ, জেলা বিএমএর সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান সিদ্দিকী, কুমিল্লা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ কে এ মান্নান, শিক্ষানবিশ চিকিত্সক নাদিয়া আফরোজ, মিনহাজ হোসেন ভূঁইয়া ও মাজহারুল ইসলাম এবং কুমিল্লার কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) শামসুজ্জামান। বৈঠকে চিকিত্সকেরা দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি জানান। কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর চিকিত্সকেরা আগামী ৬ মে পর্যন্ত কর্মবিরতি চালাবেন বলে ঘোষণা দেন। বৈঠকের পর নিবন্ধন খাতা ফিরিয়ে দেওয়া হয়।জামিন: এদিকে ২৮ এপ্রিল চিকিত্সকের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তারকৃত তিন ব্যক্তির মধ্যে একজনকে আগামী ৯ মে পর্যন্ত অস্থায়ী জামিন দিয়েছেন কুমিল্লার একটি আদালত। মোহাইমিনুল ইসলাম (১৮) নামের ওই ব্যক্তি এইচএসসি পরীক্ষার্থী। অপর দুই আসামি কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ও কুমিল্লার কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) শামসুজ্জামান বলেন, ‘দ্রুত বিচার আইনে দায়ের করা ওই মামলার অভিযোগপত্র আগামী রোববারের মধ্যে দেওয়া হবে।’ অভিযোগ রয়েছে, চিকিত্সা প্রদানে বিলম্ব ও সিটি স্ক্যান মেশিন হাসপাতালের নিচতলা থেকে পঞ্চম তলায় না আনায় কুমিল্লা শহরের উত্তর চর্থা এলাকার বাসিন্দা ওবায়দুল ইসলাম (৪৫) এবং মনোহরপুর এলাকার বাসিন্দা মো. রিপন (২৫) ও মোহাইমিনুল ইসলাম গত ২৮ এপ্রিল কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পঞ্চম তলার ১৭ নম্বর ওয়ার্ডে কর্তব্যরত চিকিত্সক শাহ আনিসুর রহমানসহ আট চিকিত্সক, সেবিকা ও কর্মচারীকে পিটিয়ে জখম করেন। ওই ঘটনায় হাসপাতালের তত্ত্বাবধায়ক নূর মোহাম্মদ ওই দিন দ্রুত বিচার আইনে মামলা করেন।