কুমিল্লা মেডিকেল কলেজে ছাত্রলীগ সমর্থিত দুই পক্ষে সংঘর্ষ, আহত ১০
কুমিল্লা মেডিকেল কলেজে ছাত্রলীগ সমর্থিত মেডিসিন ক্লাব ও লিও ক্লাবের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে গতকাল বুধবার রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন ১০ জন। প্রত্যক্ষদর্শী, পুলিশ ও কলেজের শিক্ষকেরা জানিয়েছেন, সকালে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) কুমিল্লা জেলা শাখার অভিষেক অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক বদিউজ্জামান ভূঁইয়া। তিনি বিকেলে লিও ক্লাবের চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন। এ ঘটনায় মেডিসিন ক্লাবের সদস্যরা লিও ক্লাবের অনুমোদন নিয়ে প্রতিবাদ জানান। এ ঘটনার জের ধরে রাত সোয়া ১০টার দিকে ছাত্র হোস্টেলের লিও ক্লাবের সভাপতি ও চতুর্থ বর্ষের ছাত্র সিরাজুল ইসলাম একই বর্ষের ছাত্র ও মেডিসিন ক্লাবের সদস্য সাইফুল ইসলামকে মারধর করেন। পরে উভয় পক্ষ লাঠিসোটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। এতে ১০ জন আহত হন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এ ব্যাপারে কলেজের উপাধ্যক্ষ মোসলেহউদ্দিন আহমেদ বলেন, আজ বৃহস্পতিবার সকালে একাডেমিক কাউন্সিলের বৈঠক ডাকা হয়েছে। তিনি বলেন, লিও ক্লাবের অনুমোদন নেই। তবে তারা আবেদন করেছে।