কুমিল্লা মেডিকেলে চিকিৎসকদের কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্তব্যরত শিক্ষানবিশ চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন চিকিৎসকেরা। গত শুক্রবার রাত ১২টা থেকে গতকাল শনিবার বেলা তিনটা পর্যন্ত ওই কর্মবিরতি পালন করা হয়। এ সময় রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। হাসপাতাল সূত্র জানায়, জেলার আদর্শ সদর উপজেলার বালুতুপা এলাকার এক যুবক গত শুক্রবার সন্ধ্যায় জরুরি বিভাগে ভর্তি হন। তাঁকে চিকিৎসা দিতে বিলম্বের অভিযোগে স্বজনেরা জরুরি বিভাগের চিকিৎসকদের ওপর হামলা চালান। এতে কয়েকজন চিকিৎসক আহত হন। এ পরিস্থিতিতে চিকিৎসকেরা শুক্রবার রাত ১২টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেন। একই সঙ্গে তাঁরা হাসপাতালের বিভিন্ন ফটকে তালা ঝুলিয়ে দেন। এতে রোগীদের খাবার ও ওষুধ সরবরাহ বাধাগ্রস্ত হয়। রোগীর স্বজনেরাও তাঁদের সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি। পরে এ নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কক্ষে এক বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার ভৌমিক, হাসপাতালের পরিচালক মো. হাবিবুর রহমান, জেলা বিএমএর সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী, জেলা স্বাচিপের সাধারণ সম্পাদক আবদুল বাকী আনিছ, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহাঙ্গীর আলম, কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ, জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মামুনুর রশিদ প্রমুখ।মো. হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, বৈঠকে চিকিৎসকদের নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিলে তাঁরা কাজে ফেরেন এবং এক সপ্তাহের জন্য কর্মবিরতি স্থগিত করেন।