কুমিল্লা মেডিকেলে ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা সিটি কলেজের একদল শিক্ষার্থীর কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ ও স্বেচ্ছাসেবী সংগঠন মেডিসিন ক্লাবের কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে চিকিৎসকেরা মানববন্ধন করেছেন। গতকাল সোমবার হাসপাতালের প্রধান ফটকের সামনের সড়কে ওই কর্মসূচি পালিত হয়।
গতকাল দুপুর সাড়ে ১২টা থেকে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন হয়। ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের ব্যানারে ওই কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে হাসপাতালের পরিচালক আলমগীর আহমেদ বলেন, সিটি কলেজের আহত শিক্ষার্থীদের সেবা দিতে কোনো ধরনের গাফিলতি ছিল না। মোটরসাইকেল দুর্ঘটনায় আহতরা গুরুতরভাবে মাথায় আঘাত পেয়েছিলেন। তাই জরুরি বিভাগে নেওয়ার আগেই একজন মারা যান। হাসপাতাল ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।