কুমিল্লা মেসে দগ্ধ ছাত্রীর মৃত্যু
নিজের মেসে বিস্ফোরণে দগ্ধ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহমিদা হাসান মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার রাত দেড়টার দিকে তিনি মারা যান।
নিহত ফাহমিদা ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার আকছিনা পূর্বপাড়া গ্রামের আবু হাসানের মেয়ে। গতকাল সোমবার তাঁকে দাফন করা হয়। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আইনুল হক বলেন, ফাহমিদা অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ জানায়, বিশ্ববিদ্যালয়-সংলগ্ন সালমানপুর গ্রামের বিদ্যুৎ বিভাগের উপসহকারী প্রকৌশলী মনিরুল ইসলামের ‘প্রশান্তি’ নামের বাসার নিচতলায় মেসে ভাড়া থাকতেন ফাহমিদা। গত ২৩ আগস্ট সকালে বাসার নিচতলায় বিস্ফোরণে দগ্ধ হন তিনি। এ সময় নিচতলার জানালার গ্রিল উড়ে যায়, কাচ ভেঙে যায়।
বিস্ফোরণ ঘটনার পরদিন ফাহমিদাসহ ওই মেসের তিন ছাত্রী ও অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার কোটবাড়ি পুলিশ ফাঁড়ির এসআই মো. শহীদ উল্লাহ সন্ত্রাস দমন আইনে মামলা করেন। মেসের বাকি দুই আসামি হলেন বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের দ্বিতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী নুরুন্নাহার ও হিসাববিজ্ঞান বিভাগের মর্জিনা আক্তার।