কুমিল্লা শহর ছাত্রলীগের সহসভাপতি খুন
কুমিল্লা শহর ছাত্রলীগের সহসভাপতি ফিরোজ আহমেদ (৪২) খুন হয়েছেন। গতকাল বুধবার দুপুর ১২টায় সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের লালমাই পাহাড়ের জামমুড়া এলাকা থেকে তাঁর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। ফিরোজের শরীরে ছুরিকাঘাতের বহু চিহ্ন রয়েছে বলে সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইনুল হক প্রথম আলোকে নিশ্চিত করেছেন। ফিরোজ হত্যাকাণ্ডের প্রতিবাদে তাঁর অনুসারীরা বেলা একটার দিকে নগরের কান্দিরপাড়ের হাজি তারু মিয়া বিপণিবিতানের মদিনা খাবার হোটেলে ভাঙচুর চালায় এবং হোটেলের মালিক শফিকুর রহমানকে টেনেহিঁচড়ে বাদুড়তলা এলাকায় ফিরোজের বাড়িতে নিয়ে যায়। পরে কোতোয়ালি মডেল থানার পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে। জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যায় ফিরোজ মোটরসাইকেল নিয়ে নগরের বাদুড়তলা এলাকার নিজ বাসা থেকে বের হন। রাতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাঁকে খোঁজাখুঁজি করেন। স্থানীয় লোকজন গতকাল দুপুর ১২টার দিকে জামমুড়া এলাকার কাঠুরিয়ারা পাহাড়ের পাদদেশে তাঁর লাশ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে সদর দক্ষিণ মডেল থানার পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। নিহত ফিরোজ তিন সন্তানের জনক। তাঁর স্ত্রী নুরুন্নাহার দাবি করেন, তাঁর স্বামীকে মঙ্গলবার সন্ধ্যায় আবুল কালাম ও এমদাদ হোসেন নামের দুই ব্যক্তি বাসা থেকে ডেকে নিয়ে যান। এরপর তিনি আর বাসায় ফেরেননি।