কুমিল্লা শহরে অনুমোদনহীন পাঁচ হাজার অটোরিকশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা শহরে অনুমোদনহীন প্রায় পাঁচ হাজার ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করছে। এগুলোর কারণে একদিকে শহরে যেমন যানজট বাড়ছে, অন্যদিকে অহরহ ঘটছে দুর্ঘটনা। কুমিল্লা মডেল একাডেমীর ছাত্র মাহাথির (১০) গত শনিবার বিকেলে বিদ্যালয় থেকে বাড়ি ফিরছিল। পৌরসভা সংলগ্ন সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা (স্থানীয় নাম পল্লিবাইক) তাকে চাপা দেয়। এতে সে গুরুতর জখম হয়। চান্দিনার মাধাইয়া গ্রামের বাসিন্দা লিয়াকত আলী (৪৮) সোমবার দুপুরে স্ত্রী ও চার বছরের সন্তানকে নিয়ে রিকশাযোগে যাওয়ার পথে ঝাউতলা এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় আহত হন। প্রায়ই এমন দুর্ঘটনার শিকার হচ্ছে কুমিল্লা শহরের বাসিন্দারা। এসব দুর্ঘটনার অধিকাংশই ঘটছে ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে। অনভিজ্ঞ ও কম বয়সী ছেলেরা এসব অটোরিকশার চালক হওয়ায় দুর্ঘটনা বাড়ছে বলে মনে করছে শহরবাসী। কুমিল্লা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আরিফ গত বৃহস্পতিবার বলেন, ‘পৌরসভা থেকে ৩০০ অটোরিকশার লাইসেন্স দেওয়া হয়েছে। কিন্তু চলে পাঁচ হাজারের বেশি। এ কারণে শহরে যানজট বেড়ে গেছে। একই সঙ্গে দুর্ঘটনাও বাড়ছে। এ বিষয়ে পুলিশ বিভাগ কিছু না করলে আমাদের পক্ষে তা ঠেকানো কোনোভাবেই সম্ভব নয়।’ পৌরসভা সূত্র জানায়, ২০০৮ সালের শুরুর দিকে কুমিল্লা পৌর এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল শুরু করে। সরেজমিনে দেখা গেছে, শহরের কান্দিরপাড় এলাকার পূবালী চত্বরকে ঘিরে চারদিকে শতাধিক অটোরিকশা দাঁড়িয়ে আছে। এগুলোর কারণে অন্যান্য বাহন চলাচল ব্যাহত হচ্ছে। এমনকি হাঁটাও কঠিন হয়ে পড়েছে। তা ছাড়া শহরের শাসনগাছা, টমছমব্রীজ, চকবাজার, পুলিশ লাইন, রাজগঞ্জ ও আদালতপাড়ায় ব্যাটারিচালিত অটোরিকশার ভিড় লেগেই আছে। ব্যাটারিচালিত অটোরিকশার চালক মহসিন মিয়া ও আউয়াল হোসেন বলেন, ‘অটোরিকশা থাকার কারণে শাসনগাছা থেকে একজন ব্যক্তি পাঁচ টাকায় কান্দিরপাড় আসতে পারে। কিন্তু রিকশায় এলে ১৫ টাকা লাগে।’ তাঁদের অটোরিকশার লাইসেন্স নেই বলেও তাঁরা স্বীকার করেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানিয়েছেন, ব্যাটারিচালিত এসব অটোরিকশা প্রতিদিন ছয় ঘণ্টা বিদ্যুতে চার্জ দিতে হয়। এ কারণে শহরে লোডশেডিংও বেড়ে গেছে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মতিউল ইসলাম বলেন, ‘শহরে রিকশার কারণে আগেই তীব্র যানজট হতো। এখন ব্যাটারিচালিত অটোরিকশার কারণে যানজট আরও তীব্র হয়েছে। শহরের অপ্রশস্ত সড়কগুলোতে অটোরিকশা চলাচলের সুযোগ একেবারেই কম। এ কারণে এগুলোর লাইসেন্স দেওয়া বর্তমানে বন্ধ রয়েছে। যেগুলো চলছে সেগুলোর কারণে দুর্ঘটনা বাড়ছে।’