কুমিল্লা শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৪১ হাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা শিক্ষা বোর্ডে এ বছর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় ৪১ হাজার ৮৫৭ জন পরীক্ষার্থী বেড়েছে। ২০১১ সালের পরীক্ষার জন্য নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে নাম নিবন্ধন করেছে দুই লাখ এক হাজার জন শিক্ষার্থী। এর মধ্যে মেয়েদের সংখ্যা বেশি। আগামী ১ নভেম্বর ওই পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল এক লাখ ৫৯ হাজার ১৪৩ জন। গতকাল বুধবার কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্রে ওই তথ্য জানা গেছে। জানতে চাইলে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কুণ্ডু গোপীদাস প্রথম আলোকে বলেন, ‘জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ না হলে নবম শ্রেণীতে ভর্তি হওয়া যাবে না—ওই বিষয়ে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা সচেতন হওয়ায় এবার পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে। একই সঙ্গে গ্রামাঞ্চলে আগের তুলনায় পড়াশোনার সুযোগ-সুবিধা বৃদ্ধি পাওয়ায় পড়াশোনার পরিবেশ তৈরি হয়েছে। আগে কন্যাশিশুর প্রতি অভিভাবকদের বৈষম্য ছিল। এখন সেটা একেবারেই কমে আসছে। এ কারণে শিক্ষার্থীরা বিদ্যালয়মুখী হয়েছে।’ কুমিল্লা শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক সোমেশ কর চৌধুরী প্রথম আলোকে জানান, কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ছয় জেলার ৫৩টি উপজেলা থেকে নিয়মিত এক লাখ ৭৯ হাজার ৯৩১ জন শিক্ষার্থী জেএসসি পরীক্ষার জন্য নাম নিবন্ধন করে। এর মধ্যে এক লাখ দুই হাজার ৯৫০ জন মেয়ে এবং ৭৬ হাজার ৯৮১ জন ছেলে। গত বছর এ বোর্ডের অধীনে এক লাখ ৫৯ হাজার ১৪৩ জন শিক্ষার্থী প্রথমবারের মতো জেএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ছেলেদের সংখ্যা ছিল ৬৯ হাজার ৫৬৫ জন এবং মেয়েদের সংখ্যা ৮৯ হাজার ৫৭৮ জন। ওই বছর কৃতকার্য হয়েছে এক লাখ ১০ হাজার ৮৪৭ জন। গত বছর অকৃতকার্য হয়েছিল ৪৮ হাজার ২৯৬ জন। ওই হিসেবে নিয়মিত ও অনিয়মিত মিলে পরীক্ষার্থীর সংখ্যা দাঁড়ায় দুই লাখ ২৮ হাজার ২২৭ জন। কিন্তু নাম নিবন্ধন করেনি ২৭ হাজার ২২৭ জন। অর্থাৎ ওই শিক্ষার্থীরা এক বছরের ব্যবধানেই ঝরে গেছে। এ বছর সবচেয়ে বেশি পরীক্ষার্থী কুমিল্লার আদর্শ সদর উপজেলা থেকে। সেখানে তিন হাজার ২০৭ জন ছেলে এবং তিন হাজার ৯১২ জন মেয়ে নাম নিবন্ধন করে। সবচেয়ে কম পরীক্ষার্থী লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলায়। ওই উপজেলার ৯৮২ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৮২ জন ছেলে এবং ৫০০ জন মেয়ে। কুমিল্লা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ জোহরা আনিস বলেন, মেয়েদের উপবৃত্তির সুযোগ ও কাজের ক্ষেত্র তৈরি হওয়ায় জেএসসিতে দিন দিন পরীক্ষার্থীর সংখ্যা বাড়ছে। এটা রাষ্ট্রের জন্য অত্যন্ত সুখবর।