কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পদ শূন্য
চলতি বছরের ১ জানুয়ারি কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পদ শূন্য হয়। এরপর থেকে এখন পর্যন্ত বোর্ডের ওই পদটি শূন্য রয়েছে।গত সাড়ে তিন মাসেও পদটি পূরণ না হওয়ায় বোর্ডের সার্বিক কার্যক্রমে অচলাবস্থা দেখা দিয়েছে। এ অবস্থায় বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা পদটি পূরণের দাবি জানিয়েছেন। জানা গেছে, অধ্যাপক কুণ্ডু গোপীদাস অবসরে গেলে ওই পদটি শূন্য হয়। এরপর বোর্ডের সচিব মো. অলিউর রহমান অতিরিক্ত হিসেবে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।একসঙ্গে দুটি দায়িত্ব পালন করতে গিয়ে তাঁকে হিমশিম খেতে হচ্ছে। এদিকে অধ্যাপক কুণ্ডু গোপীদাসকে চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার প্রস্তাব সংশ্লিষ্ট দপ্তরে দেওয়া হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে পদটি পূরণ হতে বিলম্ব হচ্ছে বলে জানা গেছে।বোর্ডের একাধিক কর্মকর্তা জানান, চেয়ারম্যান না থাকায় বিভিন্ন বিদ্যালয় ও কলেজের ব্যবস্থাপনা কমিটির অনুমোদন নিয়ে জটিলতা দেখা দিয়েছে। তাই দ্রুততম সময়ের মধ্যে পদটি পূরণ হওয়া দরকার। বোর্ডের সচিব মো. অলিউর রহমান বলেন, ‘নিজ দায়িত্বের পাশাপাশি আমাকে চেয়ারম্যানের কাজও চালিয়ে যেতে হচ্ছে।’১৯৬২ সালে কুমিল্লা শিক্ষা বোর্ড প্রতিষ্ঠার পর এত দীর্ঘ সময় কখনো চেয়ারম্যানের পদ শূন্য ছিল না।