কুমিল্লা শিক্ষা বোর্ডের নাম ভাঙিয়ে প্রতারণা
‘আপনার স্কুলের এসএসসি পরীক্ষার রেজাল্ট (ফলাফল) খারাপ। পাসের হার গতবারের চেয়ে কম। রেজাল্ট খারাপ হলে আপনার স্কুল জাতীয়করণ হবে না। এমপিওর সুবিধা বাতিল হয়ে যাবে। তাই পাসের হার বাড়ানোর জন্য বিকাশ নম্বরে টাকা পাঠান।’
মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবির এই ০১৮৭৮৭৬৮৪১৯ নম্বর থেকে প্রায় একই ভাষায় গতকাল মঙ্গলবার কুমিল্লা শিক্ষা বোর্ডের অন্তত ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে ফোন করে প্রতারক চক্র টাকা দাবি করে। শিক্ষা বোর্ডের এক কর্মকর্তার পদবি ব্যবহার করে টাকা দাবি করা হয়। গত ১৫ মার্চ থেকে ওই চক্রের সদস্যরা ফোন করে ১ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত দাবি করছে। এ ব্যাপারে বোর্ড কর্তৃপক্ষ সতর্ক থাকার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের অনুরোধ করেছে। কাল বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হবে।
বোর্ড সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টায় চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলবগঞ্জ জেবি পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষককে ওই রবি নম্বর থেকে ফোন করে বলা হয়, ‘আপনার স্কুলের রেজাল্ট খারাপ। রেজাল্ট খারাপ হলে স্কুলটি জাতীয়করণ হবে না। তাই পাসের হার বাড়ানোর জন্য বিকাশ নম্বরে টাকা পাঠান।’ পরে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষয়টি বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মো. শহিদুল ইসলামকে জানান। পরে তিনি বিষয়টি বোর্ডের চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রককে জানান।
এ প্রসঙ্গে কুমিল্লা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মো. শহিদুল ইসলাম বলেন, ‘একটি প্রতারক চক্র একই নম্বর থেকে প্রতিনিয়ত শিক্ষকদের ফোন করে। কিন্তু প্রশাসনের কাছে আবেদন করেও এর কোনো প্রতিকার পাওয়া যায়নি। এর দেড় মাস আগেও প্রতারক চক্র আমার নাম ব্যবহার করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে টাকা দাবি করে। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করছি। বোর্ডে বিকাশ কিংবা কোনো ধরনের নগদ টাকা লেনদেন করা হয় না।’
এদিকে ১৫ মার্চ বোর্ডের সচিব অধ্যাপক মো. আবদুস ছালাম জেলা পুলিশ সুপারের কাছে প্রতারক চক্রকে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দেন। ওই চিঠিতে উল্লেখ করা হয়, কিছুদিন ধরে একটি প্রতারক চক্র কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক/উপ-পরীক্ষা নিয়ন্ত্রকের (মাধ্যমিক) পদবি ব্যবহার করে এসএসসি পরীক্ষা ২০১৭-এর ফলাফল পরিবর্তনের মিথ্যা আশ্বাস দিয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের কাছে টাকা দাবি করছে।
এরপর ২০ মার্চ বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের কাছে পাঠানো হয়। একই সঙ্গে বোর্ডের ওয়েবসাইটেও ওই বিজ্ঞপ্তি দেওয়া হয়।