কুমিল্লা শিক্ষা বোর্ডের আওতাধীন অনুমোদনহীন কলেজের বিরুদ্ধে সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। একই সঙ্গে অনুমোদিত কলেজের নামের তালিকা প্রকাশ করেছে বোর্ড কর্তৃপক্ষ। গতকাল সোমবার ও আগের দিন রোববার বোর্ডের অধিভুক্ত ছয় জেলার বিভিন্ন আঞ্চলিক পত্রিকা ও বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে ওই তথ্য প্রকাশিত হয়েছে। এ প্রসঙ্গে কুমিল্লা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক মো. নিজামুল করিম প্রথম আলোকে বলেন, বিভিন্ন প্রচারমাধ্যমে চটকদার বিজ্ঞাপন দিয়ে ২০১১-১২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া শুরু করেছে অনুমোদনহীন কলেজগুলো। সম্পূর্ণ বেআইনি ও প্রতারণামূলক এ প্রক্রিয়া বন্ধ করতে এসব কলেজের বিরুদ্ধে শিগগিরই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অভিভাবক ও শিক্ষার্থীরা যাতে প্রতারণার শিকার না হন, সে জন্য অনুমোদিত কলেজের নামের তালিকা পত্রিকায় প্রকাশ করা হয়েছে। এ তালিকার বাইরে অন্য সব কলেজই অনুমোদনহীন।কুমিল্লা শিক্ষা বোর্ডের কলেজ শাখার সেকশন কর্মকর্তা মো. আবদুল খালেক বলেন, এ বোর্ডের অধীনে ২৯৬টি কলেজে একাদশ শ্রেণীতে ভর্তির সুযোগ রয়েছে। এর মধ্যে কুমিল্লা জেলায় ১২২টি, চাঁদপুরে ৪৮টি, ব্রাহ্মণবাড়িয়ায় ৪০টি, নোয়াখালীতে ৩৭টি, লক্ষ্মীপুরে ২৬টি ও ফেনীতে ২৩টি কলেজ রয়েছে। বোর্ড অনুমোদিত কলেজগুলো নির্ধারিত শাখার বাইরে অন্য কোনো শাখায় শিক্ষার্থী ভর্তি করলে তা হবে বেআইনি। এ প্রসঙ্গে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কুণ্ডু গোপীদাস বলেন, ‘আমরা অনুমোদনহীন কলেজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। মানুষ যাতে প্রতারণার শিকার না হয়, সে জন্য আমরা সতর্কীকরণ বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশ করেছি।’ গত শনিবার প্রথম আলোর ৩-এর পাতায় ‘অনুমোদন ছাড়াই ১১ কলেজে ছাত্র ভর্তি’ শীর্ষক একটি প্রতিবেদন ছাপা হয়। এরই পরিপ্রেক্ষিতে বোর্ড ওই সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করে বলে বোর্ডের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন।