কুমিল্লা শিক্ষা বোর্ডের সেই কর্মচারীকে অপসারণ
বড় ভাইয়ের নাম ও এসএসসির সনদ ব্যবহার করে চাকরি করার দায়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের কনিষ্ঠ হিসাব নিরীক্ষক মো. ইকবাল হোসেনকে (প্রকৃত নাম হারুনুর রশিদ) চাকরি থেকে অপসারণ করা হয়েছে। একই সঙ্গে ২৬ বছরের বেশি সময় ধরে বোর্ড থেকে উত্তোলন করা বেতন-ভাতা আগামী ১৬ জুলাইয়ের মধ্যে ফেরত দিতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কুণ্ডু গোপীদাস। শিক্ষা বোর্ড সূত্র জানায়, গত ৬ জুন বোর্ডের সচিব মো. অলিউর রহমান স্বাক্ষরিত এক আদেশে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী কনিষ্ঠ হিসাব নিরীক্ষক ইকবাল হোসেনকে চাকরি থেকে অপসারণ করা হয়। একই সঙ্গে ১৯৮৪ সালের ১৩ ডিসেম্বর থেকে চলতি বছরের ৬ জুন পর্যন্ত বোর্ড থেকে নেওয়া বেতন-ভাতাদি ফেরত দেওয়ার জন্য বলা হয়।এ ব্যাপারে হারুনুর রশিদ বলেন, ‘গত ৮ জুন বোর্ডের চিঠি পেয়েছি।’