কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যানের করোনা শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ারের শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে প্রাপ্ত নমুনা পরীক্ষার ফলে তিনি করোনা পজিটিভ বলে জানা যায়। সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

গোলাম সারওয়ার বর্তমান সরকারের অর্থমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আ হ ম মুস্তফা কামালের ছোট ভাই। এর আগে ১৫ জুন অর্থমন্ত্রীর বড় ভাই কুমিল্লার লালমাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবদুল হামিদের করোনা শনাক্ত হয়।

জানা গেছে, সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ারের গাড়িচালক আবদুর রাজ্জাকের কয়েক দিন আগে করোনা শনাক্ত হয়েছে। এরপর চেয়ারম্যানও নমুনা দেন। এতে তাঁর নমুনা পজিটিভ আসে। এরপর থেকে তিনি লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দুতিয়াপুর গ্রামের বাড়িতে আইসোলেশনে আছেন। অন্যদিকে আবদুল হামিদ বর্তমানে কুমিল্লা নগরের ঝাউতলা এলাকার নিজ বাসায় আইসোলেশনে আছেন।

জেলা করোনাবিষয়ক ফোকাল পারসন মো. শাহাদত হোসেন বলেন, অর্থমন্ত্রীর বড় ও ছোট দুই ভাই বাড়িতে আইসোলেশনে আছেন।