কুমিল্লা সরকারি কলেজে অধ্যক্ষের কার্যালয়ে ছাত্রলীগের তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা সরকারি কলেজে একাদশ শ্রেণীতে শূন্য আসনে ভর্তি কার্যক্রম বন্ধ করে দিয়ে গতকাল বুধবার সকালে অধ্যক্ষের কার্যালয়ে তালা দিয়ে দেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। অভিযোগ রয়েছে, এসব আসনে নিজেদের পছন্দের শিক্ষার্থীদের ভর্তি করতে চায় ছাত্রলীগ।কলেজের সাধারণ শিক্ষার্থী, শিক্ষক ও পুলিশ সূত্রে জানা গেছে, কলেজ শাখার ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও হিসাববিজ্ঞান দ্বিতীয় বর্ষের ছাত্র রফিকুল ইসলামের নেতৃত্বে একদল নেতা-কর্মী গতকাল বেলা সাড়ে ১১টার দিকে কলেজের ভর্তি কমিটির আহ্বায়কের কাছে যান। এ সময় তাঁরা শূন্য আসনে মেধাভিত্তিক ভর্তি কার্যক্রম বন্ধের দাবি জানান। ভর্তি কমিটির আহ্বায়ক ও কলেজের কৃষিবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হারুনুর রশীদ পাটোয়ারী তাঁদের জানিয়ে দেন, ভর্তির প্রক্রিয়া বন্ধ করা সম্ভব নয়। এতে উত্তেজিত হয়ে নেতা-কর্মীরা শিক্ষকদের সঙ্গে অশোভন আচরণ করেন এবং অধ্যক্ষের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। এ সময় অধ্যক্ষসহ ভর্তি কমিটির সদস্যরা ভেতরে আটকা পড়েন। পরে বেলা সাড়ে ১২টার দিকে পুলিশ কলেজে পৌঁছে তালা খুলে তাঁদের মুক্ত করে। এরপর আবার ভর্তি কার্যক্রম শুরু হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম আছাদুজ্জামান বলেন, ভর্তির প্রক্রিয়ায় কোনো অন্যায় মেনে নেওয়া হবে না।এ ঘটনায় রফিকুল ইসলামের সঙ্গে দুই দফা মুঠোফোনে যোগাযোগ করেও তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি এনামুল হক প্রথম আলোকে জানান, রফিকুল নয় বহিরাগত ব্যক্তিরা এসব কাজ করেছে। তবে ঘটনাস্থলে রফিকুল উপস্থিত ছিলেন। প্রসঙ্গত কলেজের একাদশ শ্রেণীতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ৩০০ করে মোট ৯০০ আসন রয়েছে। এর মধ্যে গতকাল পর্যন্ত বিজ্ঞানে ৬৪, মানবিকে ৮০ এবং ব্যবসায় শিক্ষা শাখায় ৮৫টি আসন খালি ছিল। অপেক্ষমাণ তালিকা থেকে মেধাক্রম অনুযায়ী আসনগুলোয় শিক্ষার্থীদের ভর্তি করা হচ্ছে।