কুমিল্লা সরকারি কলেজে শ্রেণীকক্ষ-শিক্ষক সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা সরকারি কলেজে ছয় হাজার তিনজন শিক্ষার্থীর জন্য শ্রেণীকক্ষ রয়েছে ২০টি। শিক্ষকের পদ ৩৫টি। এ অবস্থার মধ্য দিয়েই চলছে শিক্ষার্থীদের পাঠদান। তাই শিক্ষকের নতুন পদ সৃষ্টি ও নতুন একাডেমিক ভবন নির্মাণের দাবি জানিয়েছেন শিক্ষকেরা। কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মো. মহসীন জানান, ১৯৬৮ সালে কুমিল্লা সরকারি কলেজ প্রতিষ্ঠিত হয়। ১৯৮৫ সালে কলেজটি জাতীয়করণ করা হয়। বর্তমানে এ কলেজে চারটি বিষয়ে স্নাতক (সম্মান), ডিগ্রি (পাস) ও উচ্চমাধ্যমিক শ্রেণীতে ছয় হাজার তিনজন শিক্ষার্থী অধ্যয়ন করছে। শিক্ষার্থীর সংখ্যার দিক দিয়ে জেলায় ওই কলেজের অবস্থান দ্বিতীয় হলেও শিক্ষক রয়েছেন মাত্র ৩৫ জন। দীর্ঘদিনেও শিক্ষকের পদ সৃষ্টি না হওয়ায় শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। এ পরিস্থিতিতে কলেজ কর্তৃপক্ষ খণ্ডকালীন শিক্ষক দিয়ে পাঠদান করাচ্ছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কুমিল্লা সরকারি কলেজে কম্পিউটার শিক্ষা বিষয় থাকলেও শিক্ষকের পদ সৃষ্টি হয়নি। নেই গ্রন্থাগারিকের কোনো পদ। কমপক্ষে ৩২টি শ্রেণীকক্ষ দরকার হলেও রয়েছে মাত্র ২০টি। তাই পাঠদান ব্যাহত হচ্ছে। কলেজের শিক্ষক পরিষদের সাবেক যুগ্ম সম্পাদক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ‘তিনজন করে শিক্ষক দিয়ে ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা বিষয়ে উচ্চমাধ্যমিক থেকে স্নাতক (সম্মান) শ্রেণী পর্যন্ত পড়ানো হয়। তার ওপর রয়েছে অবকাঠামোগত সমস্যা। দিন দিন কলেজে শিক্ষার্থী ভর্তির চাপ বাড়ছে, কিন্তু শ্রেণীকক্ষ বাড়ছে না।’ এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ এ কে এম আসাদুজ্জামান বলেন, ‘শিক্ষাসচিবকে কলেজের নানা সমস্যার কথা জানিয়েছি। সরেজমিনে এসে তিনি তা দেখেও গেছেন। আশা করি, শিগগিরই আমাদের সমস্যাগুলোর সমাধান হবে।’ এদিকে গত ২০ মে শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী কলেজ পরিদর্শনে আসেন। ওই সময় তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, ‘শিক্ষকের পদ সৃষ্টি করা একটি বড় প্রক্রিয়ার ব্যাপার। তবে নতুন একাডেমিক ভবন নির্মাণের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করা হবে।’