কুমিল্লা সরকারি মহিলা কলেজে ব্যবসায় শিক্ষা শাখা চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা সরকারি মহিলা কলেজে একাদশ শ্রেণীতে ব্যবসায় শিক্ষা শাখায় শিক্ষার্থী ভর্তির অনুমোদন পাওয়া গেছে। ২০১৩-১৪ শিক্ষাবর্ষ থেকেই কলেজটি ওই শাখায় শিক্ষার্থী ভর্তি করাতে পারবে। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (অধি শাখা-৮) মালেকা খায়রুন্নেছার স্বাক্ষরিত এক চিঠিতে ওই অনুমোদনের কথা জানানো হয়। কুমিল্লা সরকারি মহিলা কলেজ সূত্রে জানা গেছে, ১৯৬০ সালে কলেজটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে এ কলেজে বিজ্ঞান ও মানবিক বিভাগ চালু রয়েছে। কলেজে ব্যবসায় শিক্ষা শাখা চালু করার জন্য কর্তৃপক্ষ দীর্ঘদিন যাবৎ শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং কুমিল্লা শিক্ষা বোর্ডে তৎপরতা চালায়। এ পরিপ্রেক্ষিতে ২১ মে শিক্ষা মন্ত্রণালয় এই কলেজে ব্যবসায় শিক্ষা শাখা চালুর অনুমোদন দেয়। শিক্ষা মন্ত্রণালয় এ ক্ষেত্রে বেশ কয়েকটি শর্ত জুড়ে দেয়। এগুলো হচ্ছে, মানসম্মত পাঠদানের ব্যবস্থা, অবকাঠামোগত ব্যবস্থা ও শৃঙ্খলা রক্ষা করা। জানতে চাইলে কুমিল্লা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক মো. নিজামুল করিম প্রথম আলোকে বলেন, চলতি বছর ওই কলেজে ব্যবসায় শিক্ষা শাখায় ১৫০ আসনে ছাত্রী ভর্তির অনুমোদন দেওয়া হয়েছে। এ জন্য জিপিএ-২.৫ চাওয়া হয়েছে। শিক্ষকের পদ সৃষ্টির আগে নিজস্ব ব্যবস্থাপনায় শিক্ষক এনে পাঠদান করতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতেই ওই ব্যবস্থা নেওয়া হয়েছে। কলেজের অধ্যক্ষ ইন্দুভূষণ ভৌমিক প্রথম আলোকে বলেন, ‘দীর্ঘদিন পর ওই বিভাগ চালু হওয়ায় আমরা খুবই আনন্দিত। আপাতত হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের খণ্ডকালীন শিক্ষক এনে ক্লাস শুরু করব। পদ সৃষ্টি হলেই বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের শিক্ষকেরা আসবেন।’