কুমিল্লা সিটি করপোরেশনের এলাকা বাড়ছে
কুমিল্লা সিটি করপোরেশনের খসড়া মহাপরিকল্পনার অনুমোদন দেওয়া হয়েছে। খসড়া মহাপরিকল্পনায় ১০৫ বর্গকিলোমিটার এলাকা বাড়ানোর প্রস্তাব রয়েছে।
গত ২৫ সেপ্টেম্বর সিটি করপোরেশন পরিষদের মাসিক সভায় ওই অনুমোদন দেওয়া হয়। শিগগির বিষয়টি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হবে। সেখান থেকে অনুমোদন হলেই মহাপরিকল্পনা অনুযায়ী কুমিল্লা নগরকে ঢেলে সাজানো হবে।
কুমিল্লা সিটি করপোরেশনের ঊর্ধ্বতন তিনজন কর্মকর্তা জানান, ২০১১ সালের ১০ জুলাই কুমিল্লা সিটি করপোরেশনে উন্নীত হয়। তখন নগরের ২৭টি ওয়ার্ডের ৪৫ দশমিক ২০ বর্গকিলোমিটার এলাকা নিয়ে সীমানা নির্ধারণ হয়। খসড়া মহাপরিকল্পনায় ১০৫ দশমিক ৭৫ বর্গকিলোমিটার এলাকা নতুন করে অন্তর্ভুক্ত করা হয়। এর মধ্যে আদর্শ সদর উপজেলার দক্ষিণ ও উত্তর দুর্গাপুর, জগন্নাথপুর এবং পাঁচথুবী ইউনিয়নের কিছু অংশ অন্তর্ভুক্ত করা হয়।
একই সঙ্গে সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা, বাগমারা, বিজয়পুর, বারপাড়া, চৌয়ারা ও পশ্চিম জোড়কানন ইউনিয়নের কিছু এলাকাকে অন্তর্ভুক্ত করা হয়।