কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের তফসিল আজ
নবগঠিত কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের তফসিল আজ মঙ্গলবার ঘোষণা করা হবে। গতকাল সোমবার নির্বাচন কমিশনের (ইসি) এক সভায় দীর্ঘ আলোচনা শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়।বৈঠক শেষে নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন সাংবা-দিকদের বলেন, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে সব ধরনের জটিলতার নিরসন হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় এই নির্বাচনের সময়সূচি ঘোষণা করা হবে।ছহুল হোসাইন বলেন, সভায় নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। সীমানাসংক্রান্ত জটিলতার সংশোধিত গেজেট প্রকাশিত হয়েছে। ভোটার তালিকাও চূড়ান্ত।গত জুলাই মাসে দুটি পৌরসভা নিয়ে কুমিল্লা সিটি করপোরেশন গঠিত হয়। জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে এই করপোরেশনের নির্বাচন করার কথা রয়েছে। নবগঠিত সিটি করপোরেশনের ২২ ও ২৪ নম্বর ওয়ার্ডের দুটি এলাকা নিয়ে কুমিল্লায় জটিলতা দেখা দেয়। সীমানাসংক্রান্ত জটিলতা নিরসনে ব্যবস্থা নিতে স্থানীয় সরকার বিভাগকে চিঠি দেওয়ার পর গেজেট সংশোধন করা হয়।ইসির গতকালের সভায় সিটি করপোরেশন এলাকার ওয়ার্ডভিত্তিক ভোটার তালিকার চূড়ান্ত প্রতিবেদন নিয়ে আলোচনা করা হয়। এই নির্বাচনে সব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের প্রস্তুতি সম্পর্কে কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা ইসিকে অবহিত করেন।ইসি সচিবা-লয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব ফরহাদ হোসেন জানান, কুমিল্লায় সাধারণ ওয়ার্ড ২৭টি, সংরক্ষিত ওয়ার্ড নয়টি। ভোটার সংখ্যা এক লাখ ৬৯ হাজার ২৭৩ জন। এর মধ্যে পুরুষ ৮৩ হাজার ১৯৯ জন এবং মহিলা ভোটার ৮৬ হাজার ৭৪ জন। ভোটকেন্দ্র হবে ৬৫টি এবং ভোটকক্ষ ৪২১টি।