কুমিল্লা সিটি করপোরেশন সাংগঠনিক কাঠামো চূড়ান্ত হয়নি
কুমিল্লা সিটি করপোরেশন প্রতিষ্ঠার সাড়ে তিন মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত সাংগঠনিক কাঠামো চূড়ান্ত হয়নি। পৌরসভার জনবল দিয়েই চলছে সিটি করপোরেশনের কাজ।সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের প্রস্তাবিত পদের সংখ্যা ৮০৬টি। বর্তমানে কাজ করছেন ১১৭ জন। এ অবস্থায় প্রশাসনিক কাজ চলছে ধীরগতিতে। তার ওপর চলতি মাসের শেষের দিকে সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করার আভাস দিয়েছে নির্বাচন কমিশন। একই সঙ্গে আগামী বছরের ১০ জানুয়ারির মধ্যে নবগঠিত ওই করপোরেশনের নির্বাচন হওয়ার কথা রয়েছে।কুমিল্লা সিটি করপোরেশনের সচিব ছামসুল আলম জানান, গত ২৬ সেপ্টেম্বর স্থানীয় সরকারসচিবের কাছে কুমিল্লা সিটি করপোরেশনের প্রস্তাবিত সাংগঠনিক কাঠামো লিখিত আকারে উপস্থাপন করা হয়। এতে বলা হয়, ওই করপোরেশনের জন্য ৮০৬ জন লোক লাগবে। এর মধ্যে প্রথম শ্রেণীর ৮৩টি, দ্বিতীয় শ্রেণীর ৫৪টি, তৃতীয় শ্রেণীর ৪৪৩টি ও চতুর্থ শ্রেণীর ২২৬টি পদ রয়েছে।বর্তমানে পদ শূন্য রয়েছে ৬৮৯টি। সেখান থেকে অনুমোদন এলেই জনবল নিয়োগ করা হবে।এদিকে সিটি করপোরেশন হওয়ায় নতুন করে আটটি শাখা বিস্তৃতভাবে কাজ করবে। এর মধ্যে সাধারণ ও সংস্থাপন শাখা, রাজস্ব বিভাগ, প্রকৌশল বিভাগ, স্বাস্থ্য ও কনজারভেন্সি বিভাগ, হিসাব ও নিরীক্ষা বিভাগ, সম্পত্তি ও আইন বিভাগ, তথ্য ও প্রযুক্তি বিভাগ এবং ম্যাজিস্ট্রেসি বিভাগ। কিন্তু এখন পর্যন্ত ম্যাজিস্ট্রেসি বিভাগ পুরোপুরি চালু হয়নি। এখানে স্থায়ী কোনো ম্যাজিস্ট্রেট নেই, যে কারণে বিভিন্ন অভিযান পরিচালনা করা যাচ্ছে না।সিটি করপোরেশনের প্রশাসক নাসির উদ্দিন আহমেদ বলেন, ‘সিটি করপোরেশনের প্রস্তাবিত সাংগঠনিক কাঠামো আমরা মন্ত্রণালয়ে পাঠিয়েছি। সেখান থেকে অনুমোদন এলেই পদগুলো পূরণ করা হবে। তখন ব্যাপক আকারে কাজ শুরু হবে।’উল্লেখ্য, কুমিল্লা পৌরসভার ১৮টি ওয়ার্ড ও সদর দক্ষিণ পৌরসভার নয়টি ওয়ার্ডসহ ২৭টি ওয়ার্ড নিয়ে গত ১০ জুলাই কুমিল্লা সিটি করপোরেশন প্রতিষ্ঠিত হয়।