কুমিল্লা সিটি করপোরেশনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক পদে যোগদান করেছেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মো. নাসির উদ্দিন আহমেদ। গতকাল রোববার সকালে তিনি ওই পদে যোগ দেন। তাঁর যোগদানের মধ্য দিয়ে নবগঠিত কুমিল্লা সিটি করপোরেশনের আনুষ্ঠনিক কার্যক্রম শুরু হলো। গত ১০ জুলাই সরকার কুমিল্লাকে সিটি করপোরেশনে উন্নীত করে।প্রশাসক মো. নাসির উদ্দিন আহমেদ গতকাল দুপুরে তাঁর দপ্তরে প্রথম আলোকে বলেন, ‘সিটি করপোরেশন ঘোষণার পর অভিভাবক না থাকায় অনেক কাজ জমে আছে। এর মধ্যে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা প্রদান, আনুষঙ্গিক নথিপত্র যাচাই-বাছাই ও সইয়ের কাজ রয়েছে। এগুলোর কাজ আগে শেষ করব।’নাসির উদ্দিন আহমেদ বলেন, ‘দুটি পৌরসভা মিলে কুমিল্লা সিটি করপোরেশন হয়েছে। কুমিল্লা পৌরসভার ভবনটি হবে মূল নগর ভবন। সদর দক্ষিণ পৌরসভার ভবনেও কাজ হবে। নাগরিক সুযোগ-সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য আপাতত এভাবেই কাজ হবে। সরকারি নির্দেশনার আলোকেই আমি কাজ করে যাব।’ এদিকে গতকাল রোববার সকালে নতুন প্রশাসকের সঙ্গে দেখা করেন কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সদ্য বিলুপ্ত সদর দক্ষিণ পৌরসভার প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান। এ সময় নতুন সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কুমিল্লা পৌরসভার ৯৬ জন এবং সদর দক্ষিণ পৌরসভার ৩৮ জন কর্মকর্তা ও কর্মচারী দিয়েই আপাতত সিটি করপোরেশনের কাজ চলছে।