কুমিল্লা সিটি নির্বাচনে প্রার্থী দেবে জাপা
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে প্রার্থী দেবে জাতীয় পার্টি (জাপা)। দলটির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পার্টির সভাপতি সাংসদ নুরুল ইসলাম মিলন গতকাল বুধবার বিকেলে প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আগামী ৩০ মার্চ কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারই প্রথম দলীয় প্রতীকে এ নির্বাচন হবে।
সাংসদ নুরুল ইসলাম বলেন, জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে। পার্টির চেয়ারম্যান রংপুর থেকে ফিরে আসার পর এ ব্যাপারে আলোচনা হবে। আগামী দু-এক দিনের মধ্যে মেয়র পদে কে প্রার্থী হবেন তা নিয়ে কথা হবে। ইতিমধ্যে ২৭টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর ঠিক করার জন্য মহানগরের নেতাদের বলা হয়েছে। এ ছাড়া সংরক্ষিত কাউন্সিলর পদে নয়টি ওয়ার্ডে প্রার্থী ঠিক করার জন্য জাতীয় মহিলা দলের সভাপতি মমতাময়ী জোত্স্নাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
২০১২ সালের ৫ জানুয়ারি কুমিল্লা সিটি করপোরেশনের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে জাতীয় পার্টির তত্কালীন মেয়র পদপ্রার্থী এয়ার আহমেদ সেলিম প্রতিদ্বন্দ্বিতা করেন। তখন তাঁর জামানত বাজেয়াপ্ত হয়।