কুমিল্লা সিটি করপোরেশনের সীমানা-জটিলতা দূর করার জন্য এ-সংক্রান্ত গেজেট সংশোধন করা হচ্ছে। আগামী রোববার সংশোধিত গেজেট প্রকাশ করা হতে পারে। গতকাল স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম শহীদ খান এ কথা জানান।শহীদ খান বলেন, ‘ভুলক্রমে গেজেটে লালমাই ও দক্ষিণ গোপীনাথপুরের কিছু অংশ বাদ দিয়ে গেজেট প্রকাশ করা হয়েছিল। আমরা সেই ভুল সংশোধন করে যাচাইয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছি। রোববার সংশোধিত গেজেট প্রকাশ করা হতে পারে। সুতরাং নির্বাচনের তফসিল ঘোষণার ক্ষেত্রে আর কোনো সমস্যা থাকবে না।’একই বিষয়ে কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আবদুল বাতেন গতকাল জানান, লালমাই ও দক্ষিণ গোপীনাথপুরের সম্পূর্ণ অংশ নিয়ে নতুন গেজেট হচ্ছে। কারণ, এলাকা দুটির সম্পূর্ণ অংশ আগে থেকেই পৌরসভায় ছিল।৯ নভেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয় কুমিল্লা সিটি করপোরেশনের সীমানা নির্ধারণ করে গেজেট প্রকাশ করে। এতে ২২ ও ২৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোপীনাথপুর ও লালমাইয়ের আংশিক এলাকা বাদ দেওয়া হয়। কিন্তু এ গেজেটের সঙ্গে কুমিল্লার জেলা প্রশাসনের প্রতিবেদনের মিল না থাকায় আইনি জটিলতার আশঙ্কা দেখা দেয়। গতকাল নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন সাংবাদিকদের জানান, কুমিল্লা সিটি করপোরেশন নিয়ে সৃষ্ট জটিলতার নিরসন হয়েছে। প্রসঙ্গত, ১৪ নভেম্বর প্রথম আলোয় ‘কুমিল্লা সিটির নির্বাচন নিয়ে আইনি জটিলতার আশঙ্কা’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। পরে নির্বাচন কমিশন কুমিল্লা সিটির সীমানা গেজেট সংশোধনের অনুরোধ জানিয়ে স্থানীয় সরকার বিভাগকে চিঠি লেখে।