কুমিল্লা সিপিবির সম্মেলন উদ্বোধন
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কুমিল্লা জেলার দুই দিনব্যাপী ১১তম সম্মেলন গতকাল শুক্রবার সকালে শুরু হয়েছে। কুমিল্লা টাউন হলের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মুক্তমঞ্চে এই সম্মেলন হচ্ছে।
গতকাল বেলা ১১টায় সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় কমিটির সদস্য এবং তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির অন্যতম নেতা কমরেড সরদার রুহিন হোসেন প্রিন্স।
বেলা দুইটায় মুক্তমঞ্চে সিপিবির কুমিল্লা জেলা সভাপতি এ বি এম আতিকুর রহমানের সভাপতিত্বে ও কমরেড বিকাশ দেবের সঞ্চালনায় গণসমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে কমরেড সরদার রুহিন হোসেন, কমরেড সোহেল আহমেদ, সিপিবির জেলা সাধারণ সম্পাদক পরেশ কর, জাসদ কুমিল্লা মহানগরের সভাপতি শফিকুর রহমান প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা বলেন, বাংলাদেশকে রক্ষা করতে হলে দুই জোটের বাইরে গিয়ে কাজ করতে হবে। স্বৈরাচারকে হটিয়ে গণতন্ত্র এনেছি, কিন্তু লুটেরা ও সাম্রাজ্যবাদের দালালেরা দেশের টাকা লুট করছে। মানুষ খারাপ অবস্থায় আছে। তরুণ প্রজন্ম অন্যায়ের বিরুদ্ধে তত্পর রয়েছে। তাদের কাজে লাগিয়ে সিপিবিকে সুসংগঠিত করতে হবে।