কুমিল্লা-সিলেট মহাসড়কে ছয় ঘণ্টা যান চলাচল বন্ধ
যানজটের কারণে কুমিল্লা-সিলেট মহাসড়কে গতকাল সোমবার ছয় ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এ কারণে মহাসড়কের অন্তত ২০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।
ভাঙাচোরা সড়কের গর্তে পড়ে যানবাহন বিকল হওয়ায় ভোর ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। এতে করে যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়।
মহাসড়ক (হাইওয়ে) পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল ভোর ছয়টায় সিলেট থেকে কুমিল্লাগামী পাথরবোঝাই দুটি ট্রাক ও সিলেটগামী যাত্রীবাহী একটি বাস মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কংসনগর এলাকায় বিকল হয়ে পড়ে। এরপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মহাসড়কের উভয় দিকে যানবাহনের জটলা বেড়ে যায়। ওই যানজট দেবীদ্বার পেরিয়ে কোম্পানীগঞ্জ পর্যন্ত ছড়িয়ে পড়ে। পরে পুলিশ রেকার নিয়ে গিয়ে বিকল যানবাহন সরালে দুপুর ১২টায় যান চলাচল শুরু হয়।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, রাস্তা ভাঙাচোরা। এ কারণে গর্তে পড়ে যানবাহন বিকল হচ্ছে।