কুমিল্লা-সিলেট মহাসড়কে ৩ ঘণ্টা যান চলাচল বন্ধ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড মোড়ের কাছে গতকাল বুধবার সকাল সাড়ে নয়টার দিকে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছে। দুর্ঘটনার পর কুমিল্লা-সিলেট মহাসড়কে তিন ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। আহত ব্যক্তিদের মধ্যে ১৫ জনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের বিভিন্ন বেসরকারি ক্লিনিকে ভর্তি এবং চিকিৎসা দেওয়া হয়েছে।পুলিশ, আহত যাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাড়িয়াগামী তিশা পরিবহনের একটি বাসের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা আশুগঞ্জগামী মায়ের আশীর্বাদ পরিবহন নামের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। বাস দুটি দুমড়েমুচড়ে মহাসড়কের ওপর পড়ে থাকে। এতে মহাসড়কের দুই পাশে সাত কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। দুপুর সাড়ে ১২টায় হাইওয়ে পুলিশ ও দমকল বাহিনীর লোকজন বাস দুটি সরিয়ে নিলে যানচলাচল স্বাভাবিক হয়।