কুমিল্লা-১০ আসনে বেকায়দায় বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা
নাঙ্গলকোট-সদর দক্ষিণ উপজেলা নিয়ে কুমিল্লা-১০ নির্বাচনী এলাকা হওয়ায় বেকায়দায় পড়েছেন বিএনপির তিন মনোনয়নপ্রত্যাশী। আগে দুই উপজেলা নিয়ে দুটি সংসদীয় আসন ছিল। গত ৩ জুলাই নির্বাচন কমিশন দেশের ৫৩টি আসনের সীমানা পুনর্নির্ধারণ করে। এতে ওই দুই উপজেলাকে একীভূত করে একটি সংসদীয় আসন করা হয়। কুমিল্লার ১১টি সংসদীয় আসনের মধ্যে কুমিল্লা-১০ আসনে ভোটার বেশি। ফলে এই আসন আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। একই সঙ্গে দশম জাতীয় সংসদ নির্বাচনে সেখানে বিএনপির প্রার্থী কে হবেন, তা নিয়ে এখন থেকেই আলোচনা শুরু হয়ে গেছে।
বিএনপির একাধিক নেতা-কর্মী জানান, ওই আসনে তিন মনোনয়নপ্রত্যাশী হলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পল্লী উন্নয়ন সম্পাদক ও সাবেক সাংসদ মনিরুল হক চৌধুরী, নাঙ্গলকোট উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সাংসদ আবদুল গফুর ভূঁইয়া এবং ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী ও নাঙ্গলকোট উপজেলা বিএনপির বর্তমান সভাপতি মোবাশ্বের আলম ভূঁইয়া। এর মধ্যে মনিরুল হক চৌধুরীর বাড়ি সদর দক্ষিণ উপজেলায়। তিনি ২০০১ সালে সদর দক্ষিণ উপজেলার আসন থেকে সাংসদ নির্বাচিত হন।
আবদুল গফুর ভূঁইয়া ২০০১ সালে নাঙ্গলকোট থেকে বিএনপির প্রার্থী হিসেবে সাংসদ হন। তবে ২০০৮ সালের জাতীয় নির্বাচনে নাঙ্গলকোটের মোবাশ্বের আলম ভূঁইয়া এই আসনে বিএনপির প্রার্থী হন। ওই নির্বাচনে তিনি পরাজিত হন।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, নাঙ্গলকোট উপজেলার একটি পৌরসভা ও ১২টি ইউনিয়নে দুই লাখ ২৬ হাজার ৫৪৪ জন ভোটার রয়েছেন। সদর দক্ষিণ উপজেলার ১৪টি ইউনিয়ন ও কুমিল্লা সিটি করপোরেশনের নয়টি ওয়ার্ডে দুই লাখ ৫৯ হাজার ৫৮ জন ভোটার রয়েছেন। চার লাখ ৮৫ হাজার ৬০২ জন ভোটার নিয়ে কুমিল্লা-১০ নির্বাচনী এলাকা। কুমিল্লা সিটি করপোরেশনের টমছমব্রিজ এলাকা থেকে নোয়াখালীর সেনবাগ উপজেলাসংলগ্ন এলাকা পর্যন্ত ওই আসনের সীমানা।
স্থানীয় বিএনপি জানায়, মনিরুল হক চৌধুরী ও মোবাশ্বের আলম ভূঁইয়ার সঙ্গে জামায়াতের সম্পর্ক ভালো। তবে আবদুল গফুর ভূঁইয়ার সঙ্গে জামায়াতের দূরত্ব রয়েছে। নাঙ্গলকোট উপজেলা শিবিরের সভাপতি মো. শাহজাহান হত্যা মামলায় গফুর ভূঁইয়া দীর্ঘদিন কারাগারে ছিলেন। এর পর থেকে জামায়াত-শিবিরের সঙ্গে তাঁর দূরত্বের সৃষ্টি হয়। তবে বিএনপির একাংশের দাবি, গত সাড়ে চার বছরে নাঙ্গলকোট বিএনপির রাজনীতি এককভাবে ধরে রেখেছেন আবদুল গফুর ভূঁইয়া।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি রাবেয়া চৌধুরী জানান, নির্বাচন এলে তিনজনই মনোনয়ন চাইবেন। দল যাঁকে দিয়ে ফল আনতে পারবে, তাঁকেই মনোনয়ন দেবে। তবে মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, ‘সীমানা পুনর্নির্ধারণ হওয়ায় আমি আর নির্বাচন করব না। মনিরুল হক চৌধুরী অথবা গফুর ভূঁইয়া মনোনয়ন পেলে তাঁদের পক্ষে কাজ করব। আমি মনোনয়ন পেলে ওনারা দুজনই বিরোধিতা করবেন। তাই আগের মতো ফেল করতে চাই না। দল এবং দলের প্রার্থীর জন্য কাজ করতে চাই। নাঙ্গলকোট উপজেলা বিএনপির রাজনীতিকে আরও চাঙা করতে চাই।’
আবদুল গফুর ভূঁইয়া বলেন, ‘দীর্ঘদিন মাঠে জনসংযোগ করে আসছি। দলীয় নেতা-কর্মীরা আমার সঙ্গে রয়েছেন। দলের কাছে মনোনয়ন চাইব। এমপি হয়ে জনগণের খেদমত করতে চাই।’ মনিরুল হক চৌধুরী বলেন, ‘নির্বাচনের জন্য আমি প্রস্তুত রয়েছি। দলের কাছে মনোনয়ন চাইব।’