কুমিল্লা-১০ আসনের সীমানা নির্ধারণ প্রশ্নে রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের কুমিল্লা-১০ আসনের সীমানা নির্ধারণ করে নির্বাচন কমিশনের (ইসি) জারি করা গেজেট কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। ইসিসহ সংশ্লিষ্ট বিবাদীদের দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।ওই আসনের বিএনপিদলীয় সাবেক সাংসদ আবদুল গফুর ভূঁইয়ার করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল সোমবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মওদুদ আহমদ। সঙ্গে ছিলেন আইনজীবী এ কে এম এহসানুর রহমান। ইসির পক্ষে শুনানি করেন আইনজীবী শাহদীন মালিক। এ সময় রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত রায় উপস্থিত ছিলেন।পরে এহসানুর রহমান প্রথম আলোকে বলেন, ২০০১ সালের নির্বাচনে নাঙ্গলকোট ও কুমিল্লা সদর (দক্ষিণ) উপজেলা নিয়ে আলাদা দুটি আসন (যথাক্রমে কুমিল্লা-১১ ও কুমিল্লা-৯) ছিল। নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে ওই দুটি আসন পুনর্বিন্যাস করে ইসি। এতে নাঙ্গলকোট উপজেলার সঙ্গে সীমানা বাড়িয়ে কুমিল্লা সদর (দক্ষিণ) উপজেলার ছয়টি ইউনিয়নকে যুক্ত করে কুমিল্লা-১০ আসন করা হয়। ৩ জুলাই ইসি এই আসনের সীমানা বাড়িয়ে কুমিল্লা সদর (দক্ষিণ) উপজেলার আরও আটটি ইউনিয়ন যুক্ত করে। ফলে নাঙ্গলকোট উপজেলা এবং কুমিল্লা সদর (দক্ষিণ) উপজেলার ১৪টি ইউনিয়ন মিলে কুমিল্লা-১০ আসনের সীমানায় অন্তর্ভুক্ত হয়। এখন আসনটির আয়তন ৪০০ বর্গকিলোমিটার বেশি হয়েছে। ৩ জুলাইয়ের গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে ২০০১ সাল অনুযায়ী সীমানা নির্ধারণ চেয়ে রিটটি করা হলে আদালত রুল জারি করেন।