কুমিল্লা-১০ আসনের সীমানা নির্ধারণ প্রশ্নে রুল
জাতীয় সংসদের কুমিল্লা-১০ আসনের সীমানা নির্ধারণ নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) জারি করা গেজেট কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের শুনানি নিয়ে গতকাল সোমবার এ রুল জারি করেন।ওই আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে করা একটি রিটের পরিপ্রেক্ষিতে ২২ জুলাই হাইকোর্টের অপর একটি দ্বৈত বেঞ্চ রুল জারি করেছিলেন। ওই আসনের বিএনপিদলীয় সাবেক সাংসদ আবদুল গফুর ভুঁইয়া রিটটি করেন। এরপর কুমিল্লা-১০ আসনের সীমানা নির্ধারণ নিয়ে নাঙ্গলকোট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. শাহজাহান মজুমদার গত সপ্তাহে আরেকটি রিট করেন। প্রাথমিক শুনানি নিয়ে গতকাল আদালত রুল জারি করেন।রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী শেখ মোহাম্মদ মোরশেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।পরে শেখ মোহাম্মদ মোরশেদ প্রথম আলোকে বলেন, কুমিল্লা সদর দক্ষিণ ও নাঙ্গলকোট উপজেলা নিয়ে কুমিল্লা-১০ আসনের সীমানা নির্ধারণ করা হয়। ইসি ৩ জুলাই এ-সংক্রান্ত গেজেট জারি করে। সীমানা পুনর্নির্ধারণের ফলে এখন আসনের আয়তন ৪৫০ বর্গকিলোমিটারে দাঁড়িয়েছে। অন্যান্য আসন থেকে ভোটার সংখ্যাও দ্বিগুণ। এ কারণে রিট করা হলে আদালত রুল জারি করেছেন।