কুমিল্লা ২-এ'অচেনা' সাংসদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা-২ (হোমনা ও তিতাস) আসনে দশম জাতীয় সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ নির্বাচিত হচ্ছেন জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ আমির হোসেন (৩৫)। আর কোনো প্রার্থী না থাকায় প্রতীক বরাদ্দের আগেই জেলা রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন মিয়া আমির হোসেনকে নির্বাচিত ঘোষণা করেন।

পেশায় প্রসাধন ব্যবসায়ী আমির হোসেন এসএসসি পাস। তিনিই তিতাস উপজেলা থেকে প্রথম সাংসদ হলেন। সাংসদ হওয়ায় এলাকার মানুষের মুখে মুখে এখন আমির হোসেনের নাম।—কে এই আমির হোসেন? কেমন করে তিনি মনোনয়ন পেলেন? এমন প্রশ্ন ওই নির্বাচনী এলাকার অনেকের।

এলাকাবাসী ও আমির হোসেনের ঘনিষ্ঠ বন্ধুরা জানান, কুমিল্লার তিতাস উপজেলার কড়িকান্দি গ্রামের আবদুল মতিন মিয়া ও জাহান আরা বেগমের তিন ছেলে ও তিন মেয়ের মধ্যে আমির হোসেন দ্বিতীয়। ১৯৯৪ সালে তিতাস উপজেলার গাজীপুর খান হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় (এসএসসি) উত্তীর্ণ হন তিনি। ওই বছর দাউদকান্দির হাসানপুর শহীদ নজরুল সরকারি কলেজে তিনি একাদশ শ্রেণীতে ভর্তি হন। পরে আর তাঁর উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা (এইচএসসি) দেওয়া হয়নি। জীবন ও জীবিকার সন্ধানে রাজধানী ঢাকায় পাড়ি জমান। সেখানে প্রথমে ক্ষুদ্র ব্যবসা শুরু করেন। এরপর তিনি উত্তরায় প্রসাধনীর দোকান দেন। উত্তরায় তাঁর আরাফাত ট্রেডার্স নামের একটি প্রসাধনীর দোকান রয়েছে।

দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ছয় মাস আগে আমির হোসেন এলাকায় যোগাযোগ বাড়িয়ে দেন। দাউদকান্দির বাসিন্দা ও জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় কমিটির এক নেতার সঙ্গে বন্ধুত্বের সূত্র ধরে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে তাঁর পরিচয় হয়। একপর্যায়ে তিনি জাতীয় পার্টির তিতাস উপজেলার সভাপতি নির্বাচিত হন। এর পর থেকেই নির্বাচন করার জন্য তিনি কেন্দ্রে যোগাযোগ অব্যাহত রাখেন। জাতীয় পার্টি তাঁকে ওই আসনে মনোনয়ন দেয়। ১৩ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আওয়ামী লীগের প্রার্থী মো. আবদুল মজিদ কেন্দ্রের নির্দেশে প্রার্থিতা প্রত্যাহার করে নেন। ফলে এ আসনে আমির হোসেন ছাড়া আর কোনো প্রার্থী না থাকায় তিনি সাংসদ নির্বাচিত হন।

তিতাস উপজেলার বাতাকান্দি, জিয়ারকান্দি ও কড়িকান্দি এলাকার একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, পাঁচবারের নির্বাচিত এম কে আনোয়ারের আসনে আমির হোসেন এমপি (সাংসদ) হয়েছেন। এমন খবর আমাদের এলাকায় বেশ সাড়া জাগিয়েছে। অনেকে আমির হোসেনকে দেখতে চাচ্ছেন। কিন্তু তিনি অবরোধ ও রাজনৈতিক অস্থিরতার কারণে এলাকায় আসছেন না। ঢাকায় ব্যবসা করছেন।

হোমনা হাসপাতাল এলাকার বাসিন্দা ফরিদ উদ্দিন বলেন, ‘আমির হোসেন এমপি হলেন, অথচ আমরা তাঁকে চিনি না।’ মো. আমির হোসেন বলেন, ‘আমি ২০১০ সালে জাতীয় পার্টির রাজনীতিতে সক্রিয় হই। একই সঙ্গে তিতাসের নয়টি ইউনিয়নের মধ্যে পাঁচটি ইউনিয়নে জাতীয় পার্টির (জাপা) কাউন্সিল করি। কাউন্সিলরদের ভোটে তিতাস উপজেলা জাতীয় পার্টির সভাপতি হই। নির্বাচনের তফসিল ঘোষণা হলে দল থেকে প্রার্থী হই। এরপর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হই। এতে আমি অত্যন্ত খুশি। অবরোধ ও রাজনৈতিক অস্থিরতার কারণে এলাকায় যাওয়া হচ্ছে না। ’

আমির হোসেন এক ছেলে ও এক মেয়ের জনক। তিনি সাংসদ হওয়ায় আমির হোসেনের স্ত্রী ফাতেমা বেগম মহাখুশি। তিনি বলেন, ‘জাতীয় পার্টির প্রতি একনিষ্ঠ হওয়ায় তাঁর স্বামী ওই সম্মান পেয়েছেন।’