কুমিল্লা-৮-এ স্বতন্ত্র প্রার্থীকে প্রতীক বরাদ্দ
স্বতন্ত্র প্রার্থী এ এস এম কামরুল ইসলামের প্রার্থিতা বৈধ হওয়ায় কুমিল্লা-৮ (বরুড়া) আসনে দশম জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে। গতকাল সোমবার বিকেল সাড়ে চারটায় রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন মিয়া স্বতন্ত্র প্রার্থীকে আনারস প্রতীক বরাদ্দ দেন।
নির্বাচনের পাঁচ দিন আগে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হওয়ায় নির্বাচনী এলাকাজুড়ে ব্যাপক জল্পনা-কল্পনা শুরু হয়েছে। প্রতীক বরাদ্দের পর গতকাল সন্ধ্যা থেকেই মাইকযোগে কামরুল ইসলামের প্রচার শুরু হয়েছে। এদিকে ওই আসনে নির্বাচন উপলক্ষে আজ মঙ্গলবার ও কাল বুধবারের
মধ্যে সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা মাঠে নামবেন বলে জানা গেছে।
জানা যায়, গতকাল নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয় শাখা-১-এর জ্যেষ্ঠ সহকারী সচিব মো. ফরহাদ হোসেন রিটার্নিং কর্মকর্তাকে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ ও প্রতীক বরাদ্দের জন্য নির্দেশ দেন। এ পরিপ্রেক্ষিতে রিটার্নিং কর্মকর্তা স্বতন্ত্র প্রার্থী এ এস এম কামরুল ইসলামকে আনারস প্রতীক বরাদ্দ দেন।