কুমিল্লাকে পর্যটননগর করার প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার লালমাই পাহাড় ও কোটবাড়ী এলাকার প্রত্নসম্পদ, ত্রিপুরা জনগোষ্ঠী ও প্রসিদ্ধ স্থানগুলোকে নিয়ে পর্যটননগর গড়ে তোলার নির্বাচনী প্রতিশ্রুতি দীর্ঘ সময়েও বাস্তবায়িত হয়নি। বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও এই এলাকাকে ঘিরে পর্যটননগর না হওয়ায় নগরবাসী হতাশা ব্যক্ত করেছে। নগরবাসীর অভিযোগ, ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনের সময় প্রায় সব সংসদ সদস্য পদপ্রার্থীই এই এলাকাকে ঘিরে পর্যটননগর করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হচ্ছে না। উল্টো প্রত্নসম্পদগুলো অযত্ন, অবহেলায় পড়ে আছে। এ অবস্থার মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস। তথ্যানুসন্ধানে জানা গেছে, নবম জাতীয় সংসদ নির্বাচনের সময় কুমিল্লা-৮ (বরুড়া ও সদর দক্ষিণের একাংশ) আসনের ভোটাররা লালমাই পাহাড়কে ঘিরে পর্যটননগর করার দাবি জানান। ভোটারদের দাবির সঙ্গে একমত পোষণ করে ওই এলাকাকে পর্যটননগর হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন মহাজোট ও চারদলীয় জোটের প্রতিদ্বন্দ্বী দুজন প্রার্থী। নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত মহাজোটের প্রার্থী নাছিমুল আলম চৌধুরী বিপুল ভোটের ব্যবধানে জয়ী হন। নির্বাচিত হওয়ার পর ওই এলাকায় পর্যটনশিল্পের বিকাশের জন্য তিনি উল্লেখযোগ্য কিছু করেননি বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। জানতে চাইলে গতকাল বুধবার দুপুরে সাংসদ নাছিমুল আলম চৌধুরী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘পর্যটননগর গড়ে তুলব, এমন প্রতিশ্রুতির কথা মনে পড়ছে না। তার পরও কুমিল্লার শালবন বিহার ও রাজেশপুর ইকোপার্কের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। সেখানকার রাস্তাঘাট ও অবকাঠামোর সংস্কার হয়েছে। তিনি বলেন, আগামী দিনে পর্যটনশিল্পের বিকাশের জন্য সম্ভাব্য সবকিছু করব। কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মো. মনিরুল হক বলেন, ‘কুমিল্লাকে পর্যটননগর হিসেবে গড়ে তোলার জন্য মহাপরিকল্পনা নেওয়া হচ্ছে। ইতিমধ্যে নগরের পৌর উদ্যানের শিশুপার্ককে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ধর্মসাগরপাড়কে আরও আকর্ষণীয় করার জন্য সিটি করপোরেশন কাজ করে যাচ্ছে।’