কুমিল্লাবাসীকে নির্বাচন বর্জনের আহ্বান দক্ষিণ জেলা বিএনপির
কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার, সেনা মোতায়েন না করা ও নির্বাচন কমিশনের ‘একরোখা আচরণের’ প্রতিবাদে দলীয় নেতা-কর্মী ও কুমিল্লার জনগণকে নির্বাচন বর্জনের আহ্বান জানিয়েছে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি। গতকাল শনিবার দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিন উর রশিদের নিমতলীর বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানানো হয়।কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন আমিন উর রশিদ। এ সময় সেখানে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি বেগম রাবেয়া চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, শহর বিএনপির সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি আলী আক্কাস ও সাধারণ সম্পাদক রেজাউল করিম, জেলা যুবদলের সভাপতি আমিরুজ্জামান ও সাধারণ সম্পাদক নিজামউদ্দিন কায়সার।বিএনপির সমর্থিত কাউন্সিলর প্রার্থীদের নির্বাচন থেকে বিরত রাখা হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আমিন উর রশিদ বলেন, ১৪ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত অপেক্ষা করবে দল। ওই সময়ের মধ্যে কাউন্সিলর প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার না করলে দলের সবাই মিলে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুল হক মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁর ব্যাপারে দল কী সিদ্ধান্ত নেবে—এ প্রশ্নের জবাবে আমিন উর রশিদ বলেন, যেহেতু মনিরুল হক বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, তাই কেন্দ্রীয়ভাবেই তাঁর বিষয়টি দেখা হচ্ছে। এ ক্ষেত্রে জেলা কমিটির কিছু করার নেই। তবে বিষয়টি দলের শীর্ষ নেতাদের জানানো হবে।এ প্রসঙ্গে মো. মনিরুল হক বলেন, ‘কুমিল্লার মানুষ আমাকে নির্বাচন করার জন্য চাপ দিচ্ছে। মেয়র থাকাকালে নগরের নালা পরিষ্কার, সৌন্দর্যবর্ধন ও সড়ক মেরামত করায় নগরবাসী আমাকে মেয়র পদে দেখতে চায়। জনগণের অনুমতি নিয়েই আমি নির্বাচনে প্রার্থী হয়েছি।’