কুমিল্লায় অবৈধ ভিওআইপি যন্ত্রসহ দুজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা নগরের উজির দীঘিরপাড় এলাকা থেকে অবৈধ ভিওআইপি সরঞ্জাম ও বিভিন্ন কোম্পানির আট হাজার সিমকার্ডসহ দুই ব্যবসায়ীকে আটক করেছেন র‌্যাব-১১-এর সদস্যরা। গত শুক্রবার রাতে র‌্যাব-১১ কুমিল্লার অধিনায়ক মেজর মো. শাহেদ হাসানের নেতৃত্বে র‌্যাবের দলটি ওই এলাকার একটি বাসা থেকে ওই সব সরঞ্জাম উদ্ধার করে। আটক ব্যক্তিরা হলেন সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিকাপঞ্জি গ্রামের মহিবুর রহমানের ছেলে আব্বাস আলী এবং একই এলাকার নয়াগ্রামের হাবিবুল্লাহর ছেলে আশিকুর রহমান। তাঁরা সম্পর্কে মামা-ভাগনে। র‌্যাব সূত্র জানায়, উদ্ধার করা যন্ত্রাংশের মধ্যে রয়েছে ইন্টারনেটের মাধ্যমে ফোন করার (ভিওআইপি) আটটি যন্ত্র, তিনটি ডেস্কটপ কম্পিউটার, একটি ল্যাপটপ কম্পিউটার, চারটি মুঠোফোন এবং বিভিন্ন মুঠোফোন কোম্পানির প্রায় আট হাজার সিম। এসব যন্ত্রপাতির আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা। ওই দুই ব্যবসায়ী বহুদিন ধরে বিভিন্ন ভাড়াবাড়িতে থেকে এ ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। আব্বাস আলী বলেন, ‘তিন মাস আগে উজির দীঘিরপাড়ের ওই বাড়ি ভাড়া নিই। এর পর থেকে গোপনে ব্যবসা চালিয়ে আসছি। ১৫ জানুয়ারি এই ব্যবসা শুরু করি। পরে মামা আশিকুর এই ব্যবসায় যোগ দেন।’ তিনি আরও বলেন, ‘সৌদি আরবের দাম্মাম শহর থেকে নুর আলম নামের এক ভিওআইপি ব্যবসায়ী বাংলাদেশে এ ব্যবসা পরিচালনা করছেন। তাঁর হাত ধরেই এ ব্যবসা শুরু করি।’