কুমিল্লায় অ্যাসিডদগ্ধ ২০ জন পেলেন সহায়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা জেলার ২০ জন অ্যাসিডদগ্ধ নারী, পুরুষ ও শিশুদের মধ্যে পাঁচ লাখ টাকা বিতরণ করেছে সরকার। জেলা প্রশাসন ও জাতীয় অ্যাসিড নিয়ন্ত্রণ কাউন্সিল কুমিল্লা শাখার উদ্যোগে গতকাল রোববার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ওই টাকা বিতরণ করা হয়।
অ্যাসিডদগ্ধদের মধ্যে টাকা বিতরণের জন্য গতকাল বেলা ১১টায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মুহম্মদ গোলামুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন, জাতীয় অ্যাসিড নিয়ন্ত্রণ কাউন্সিল কুমিল্লা শাখার সদস্যসচিব ও সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ হোসেন, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক ফরিদ উদ্দিন আহমেদ, অ্যাসিড-সন্ত্রাস নির্মূল কমিটি কুমিল্লার সভাপতি দিলনাশি মোহসেন, অ্যাসিডদগ্ধ নারী নাছিমা আক্তার প্রমুখ। প্রত্যেককে ২৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়।
অনুদান পাওয়া অপর ১৯ জন হচ্ছেন নাঙ্গলকোটের ফাতেমা, শাহজালাল, মোমেনা বেগম, মনোহরগঞ্জের জাহানারা বেগম, সদর দক্ষিণের খোদেজা বেগম, আদর্শ সদরের সুবর্ণা আক্তার, বরুড়ার আবদুর রহমান, নূরজাহান, দাউদকান্দির তাপসী চন্দ্র সরকার, হালিমা আক্তার, রুহুল আমিন, সুফিয়া খাতুন, চৌদ্দগ্রামের কুলসুম বেগম, হোমনা উপজেলার আক্তার হোসেন, জয়নবের নেছা, বুড়িচংয়ের মেহেরুন্নেছা, তিতাসের রমজান, মুরাদনগরের আনোয়ারা বেগম ও জোবেদা খাতুন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তহবিল থেকে ওই টাকা দেওয়া হয়।