কুমিল্লায় কাভার্ড ভ্যানের চাপায় পাঁচজন নিহত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার ময়নামতি সেনানিবাস এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় পাঁচজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।
গতকাল শনিবার সন্ধ্যায় ময়নামতি সেনানিবাস এলাকার পদচারী সেতুর কাছে ওই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের কুমিল্লা সম্মিলিত সামরিক হাসপাতাল, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও ময়নামতি জেনারেল হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সন্ধ্যা পৌনে ছয়টায় ব্রাহ্মণবাড়িয়া থেকে চট্টগ্রামগামী একটি পণ্যবাহী কাভার্ড ভ্যান ময়নামতি সেনানিবাস ওই সেতুর কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এটি পথচারী, ছয়টি রিকশা, তিনটি সিএনজিচালিত অটোরিকশা ও দুটি মোটরসাইকেলকে চাপা দেয়। ওই সময় যানবাহনগুলো দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান চারজন ও হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও একজন। ওই সময় কমপক্ষে ১৫ জন আহত হন।
আহত ব্যক্তিদের সেনানিবাস এলাকার সম্মিলিত সামরিক হাসপাতালসহ কুমিল্লার বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়।
নিহত ব্যক্তিরা হলেন নজরুল ইসলাম (৫৫), নাজমুল আরিফ (৫০), নাসরিন আক্তার (৩৫), রোজিনা আক্তার (২৮) ও হাসিনা বেগম (৩০)।
ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, দুর্ঘটনার পর আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে দুই থেকে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। পূর্বাঞ্চল হাইওয়ে পুলিশের পুলিশ সুপার এম রেজাউল করিম বলেন, কাভার্ড ভ্যানের চাপায় ওই প্রাণহানি ঘটে। দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে।