কুমিল্লায় গুলিবিদ্ধ শিশু তানভীরের অস্ত্রোপচার
কুমিল্লা নগরের শুভপুর এলাকায় মাদক ব্যবসায়ীর ছোড়া গুলিতে আহত শিশু তানভীর হাসান ওরফে হৃদয়ের (৫) সফল অস্ত্রোপচার হয়েছে। তার বাঁ হাতের কনুইয়ের নিচে ঢুকে যাওয়া গুলিটি বের করা হয়েছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রোববার রাত ১২টায় এ অস্ত্রোপচার করেন আবাসিক সার্জন মো. আবদুল আউয়াল।
এদিকে এ ঘটনায় জড়িত সন্দেহে মাদক ব্যবসায়ী নাজিম উদ্দিনের ভাই নাসির উদ্দিনকে গতকাল সোমবার বেলা তিনটার দিকে শহরতলির চানপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানার পুলিশ।
সরেজমিনে গতকাল বেলা আড়াইটায় হাসপাতালের শিশু ওয়ার্ডে গিয়ে দেখা যায়, শিশু তানভীর বিছানায় শুয়ে এপাশ-ওপাশ করছে। তাকে ঘিরে রয়েছেন বাবা আরিফ হোসেন, মা মাহফুজা বেগম ও নানা মফিজ উদ্দিন। কিছুক্ষণ পরপর সে যন্ত্রণায় কাঁদছে। আবাসিক সার্জন মো. আবদুল আউয়াল বলেন, তানভীরকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
পরিবারের সদস্যরা জানান, বেলা ১১টায় কুমিল্লা জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল ও জেলা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন হাসপাতালে আসেন। তাঁরা শিশুটির চিকিৎসার খরচ বাবদ ১০ হাজার টাকা দেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলম বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে নাজিম উদ্দিনের ছোট ভাই নাসির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ নাজিমকে গ্রেপ্তারে তল্লাশি অব্যাহত রেখেছে।
গত রোববার সকাল সাড়ে ছয়টায় কুমিল্লা নগরের শুভপুর এলাকার পুলের মাথায় স্থানীয় মাদক ব্যবসায়ী নাজিম উদ্দিন অস্ত্র নিয়ে আরেক ব্যবসায়ী আনোয়ার হোসেনকে তাড়া করেন। ওই পথ দিয়ে মায়ের সঙ্গে মাদ্রাসায় যাচ্ছিল তানভীর। তাড়া করার একপর্যায়ে আনোয়ার একটি বাড়িতে ঢুকে পড়েন। তখন নাজিম উদ্দিন পিস্তল দিয়ে আনোয়ারের উদ্দেশ্যে গুলি ছোড়ে। সেই গুলিতে বিদ্ধ হয় শিশু তানভীর।