কুমিল্লায় জমজমাট ঈদের বিকিকিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছুটির দিনে গতকাল শুক্রবার কুমিল্লা নগরে ঈদের বিকিকিনি ছিল জমজমাট। বিপণিবিতানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়ের কারণে নগরে যানজটের সৃষ্টি হয়।

গতকাল সকাল আটটার আগেই নগরের প্রায় সব বিপণিবিতান খুলে যায়। ক্রেতাদের উপচে পড়া ভিড়ের কারণে নগরের প্রাণকেন্দ্র কান্দিরপাড়ে যানজটের সৃষ্টি হয়। একই অবস্থা রেইসকোর্স এলাকার ইস্টার্ন ইয়াকুব প্লাজার সামনেও দেখা যায়। ভিড় লক্ষ করা গেছে টাউন হল মাঠের দোকানগুলোতে।

গতকাল নগরের প্রায় সব বিপণিবিতানেই ক্রেতাদের বেশ উপস্থিতি দেখা গেছে। তা ছাড়া নগরের অলিগলির সব দোকানেই বিকিকিনি ছিল জমজমাট।

কুমিল্লা টাউন হল মাঠে নিম্ন আয়ের মানুষের জন্য রয়েছে কেনাকাটার সুযোগ। সেখানকার শতাধিক দোকানে চলছে জমজমাট কেনাবেচা। শাড়ি, লুঙ্গি, জিনসের প্যান্ট, শিশুদের পোশাক, মেয়েদের থ্রি-পিস ও জুতার পসরা সাজানো হয়েছে দোকানগুলোতে। নগরের রেইসকোর্স এলাকার বাসিন্দা কামাল হোসেন বলেন, নিম্ন আয়ের মানুষের চাহিদামতো পোশাক পাওয়া যাচ্ছে এখানে। দামও নাগালের মধ্যে।

সাত্তার খান কমপ্লেক্সে কথা হয় সদর দক্ষিণ উপজেলার হীরাপুর এলাকার খোরশেদ আলমের সঙ্গে। তিনি বললেন, শিশুদের পোশাকের দাম গতবারের চেয়ে এবার বেশি।

নগরের মনোহরপুর, রাজগঞ্জ, কান্দিরপাড় ও লাকসাম সড়কের খাদি দোকানগুলোতে এবারও ক্রেতাদের উপস্থিতি বেশি। ক্রেতা-বিক্রেতারা বলছেন, খাদির শর্ট পাঞ্জাবি এবং খাদির সাদা পাঞ্জাবির প্রতি ক্রেতাদের আগ্রহ বেশি। গতবারের তুলনায় এবার দাম কিছুটা বেশি।

কুমিল্লা জেলা দোকান মালিক সমিতি ফেডারেশনের সাধারণ সম্পাদক আতিক উল্লাহ বলেন, ‘ক্রেতারা স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে এবারের ঈদের কেনাকাটা করছেন। কোথাও কোনো ঝামেলা নেই। শুক্রবার ছুটির দিন হওয়ায় বিপণিবিতানগুলোতে ভিড় বেশি।’