কুমিল্লায় জামায়াত-শিবিরের ৮৬ জনকে আটক, কারাগারে প্রেরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লায় জামায়াত-শিবির ও তাদের সমর্থিত চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) ৮৬ জন সদস্যকে গত শুক্রবার রাতে আটক করে পুলিশ। পরে গতকাল শনিবার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
কুমিল্লার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বারপাড়া সানি কমিউনিটি সেন্টার থেকে শুক্রবার রাত সাড়ে আটটার দিকে ওই ৮৬ জনকে আটক করে কোতোয়ালি মডেল থানার পুলিশ। গতকাল শনিবার তাঁদের আদালতে হাজির করে পুলিশ রিমান্ডের আবেদন করে। তবে আদালত আবেদনের ওপর শুনানির দিন ধার্য করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কোতোয়ালি মডেল থানার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আইয়ুব প্রথম আলোকে জানান, জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা শুক্রবার রাতে চিকিৎসকদের সংবর্ধনার আড়ালে সানি কমিউনিটি সেন্টারে একটি গোপন বৈঠকের আয়োজন করেন। বিষয়টি জানতে পেরে পুলিশ সেখানে অভিযান চালিয়ে প্রথমে ১১০ জনকে আটক করে। পরে থানায় নিয়ে যাচাই-বাছাই শেষে ৮৬ জনকে রেখে বাকিদের ছেড়ে দেওয়া হয়।
কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হুদা বাদী হয়ে আটক ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছেন। মামলায় বলা হয়েছে, আটক ব্যক্তিরা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জননিরাপত্তা বিঘ্নসহ যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস ও সম্পত্তির ক্ষতি সাধনের জন্য ষড়যন্ত্র ও গোপন বৈঠক করছিলেন।
ওই মামলায় আটক ব্যক্তিদের গ্রেপ্তার দেখিয়ে গতকাল দুপুরে কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. সাজ্জাদ হোসেনের আদালতে হাজির করা হয়। এ সময় আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। তবে আদালত আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়ে আগামী মঙ্গলবার রিমান্ড আবেদনের ওপর শুনানির দিন ধার্য করেন। আদালতের নির্দেশে তাঁদের কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন জামায়াত নেতাদের মালিকানাধীন কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক মো. বেলাল উদ্দিন, একই কলেজের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ও এনডিএফ নেতা নাসির উদ্দিন মাহমুদ, কুমিল্লা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের সভাপতি মুহাম্মদ মাহবুব ও সাবেক সভাপতি জুলকার নাঈম।
কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ বলেন, ‘দেশে অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির জন্য জামায়াত-শিবির চিকিৎসকদের সংবর্ধনার আড়ালে গোপন বৈঠক করছিল। খবর পেয়ে আমরা তাঁদের গ্রেপ্তার করেছি।’
কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর আমির কাজী দ্বীন মোহাম্মদের মুঠোফোনে গতকাল একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি ফোন না ধরায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।