কুমিল্লায় ট্রেন-ট্রাক সংঘর্ষ, আট ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় গত রোববার রাতে ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও দুর্ঘটনার পর ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় গতকাল সোমবার সকাল আটটা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তির শিকার হয় ট্রেনের যাত্রীরা। কুমিল্লা রেলস্টেশনের মাস্টার মো. হোসেন মজুমদার বলেন, রাত ১২টা ১০ মিনিটে ওই রেলক্রসিং পার হওয়ার সময় মালবোঝাই একটি ট্রাকের ইঞ্জিন বিকল হয়ে যানটি থেমে যায়। তখন নোয়াখালী থেকে ঢাকাগামী নোয়াখালী এক্সপ্রেস ট্রেনটি ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এ সময় ট্রাকটি ১০-১২ ফুট দূরে ছিটকে পড়ে এবং ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে ট্রেনটিকে লালমাই স্টেশনে নিয়ে যাওয়া হয়। এ কারণে ভোর পাঁচটা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকে।
এদিকে ভোর পাঁচটা ৪৫ মিনিটে কুমিল্লার আদর্শ সদর উপজেলার রসুলপুর রেলস্টেশনের কাছে ঢাকা থেকে চট্টগ্রামগামী চট্টগ্রাম মেইল (টু ডাউন) ট্রেনের একটি বগির হ্যাঙ্গার আই বোল্ট (যন্ত্রাংশ) খুলে পড়ে যায়। এ কারণে সকাল আটটা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকে। দুর্ঘটনা দুটির কারণে কুমিল্লা, লাকসাম, শশীদলসহ বেশ কয়েকটি স্টেশনে বিভিন্ন ট্রেন আটকা পড়ে।