কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লায় আজ শুক্রবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। 
এই জট দাউদকান্দি উপজেলার স্বল্প পেন্নাই থেকে বুড়িচং উপজেলার নিমসার পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে। এতে জেএসসি পরীক্ষার্থী ও সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
দাউদকান্দি হাইওয়ে পুলিশ ও যাত্রীরা জানান, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে দাউদকান্দি উপজেলার দৌলতপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুটি কাভার্ডভ্যানের মুখোমু​খি সংঘর্ষ হয়। সংঘর্ষের আধঘণ্টার মধ্যে দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান দুটি অন্যত্র সরিয়ে নেয় হাইওয়ে পুলিশ। তবে চালকেরা মহাসড়কের পাশে যানবাহন রেখে ঘুমিয়ে পড়ায় যানজট বেড়ে যায়। এতে স্বল্প পেন্নাই থেকে নিমসার পর্যন্ত ৩৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
দাউদকান্দির গৌরীপুর বিলকিস মোশাররফ বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক পলাশ চন্দ্র দাস জানান, দাউদকান্দির উদ্দেশে ভোর ছয়টায় বাসে ওঠেন তিনি। ৩৫ মিনিটের পথ অতিক্রম করতে তাঁর সোয়া তিন ঘণ্টা সময় লাগে। এতে পরীক্ষার কেন্দ্রে যথাসময়ে পৌঁছতে সমস্যা হয়েছে।
গৌরীপুর কেন্দ্রের জেএসসি পরীক্ষার্থী সিমি আক্তার, সিয়াম, ফাতেমা, মেহেরুন নেছা বলে, যানজটে আটকা পড়ায় তারা হেঁটে ও দৌড়ে রওনা দেয়।
দাউদকান্দির বরকোটা কেন্দ্রের জেএসসি পরীক্ষার্থী অভিষেক বণিক বলে, যানজটের কারণে তাকে অন্য রাস্তা দিয়ে যেতে হচ্ছে।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবায়েদুল আলম বলেন, যান চলাচল স্বাভাবিক করতে হাইওয়ে পুলিশ চেষ্টা চলিয়ে যাচ্ছে।