কুমিল্লার বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (বিজিডিসিএল) প্রধান কার্যালয়ে প্রতিদিন সকাল আটটা থেকে বেলা তিনটা পর্যন্ত গ্যাস থাকে না। গ্যাস-সংকট কুমিল্লা নগর ও এর আশপাশের বিভিন্ন এলাকায়। গ্যাসের অভাবে বাসাবাড়িতে রান্নাবান্না করতে বেগ পেতে হচ্ছে। কেউ কেউ লাকড়ির চুলা বসিয়ে রান্নার কাজ চালিয়ে যাচ্ছেন।
পুরো শীত মৌসুমে ওই অবস্থা থাকবে বলে সেখানকার কর্মকর্তারা জানিয়েছেন।
বিজিডিসিএলের উপমহাব্যবস্থাপক (বিক্রয়) আবুল বাশার জানান, বিজিডিসিএলের অধিভুক্ত ছয় জেলায় এক লাখ ৪৮ হাজার ৪১০ জন আবাসিক গ্রাহকের তিন লাখ ৩১ হাজার ২৪৪টি চুলা রয়েছে। এর মধ্যে কুমিল্লা জেলার ৮১ হাজার ৬৪৫ জন গ্রাহকের এক লাখ ৪৩ হাজার ৮৭৮টি চুলা আছে। প্রতিদিন সকাল আটটা থেকে বেলা তিনটা পর্যন্ত বিভিন্ন এলাকার গ্রাহকের চুলা জ্বলে না। বাখরাবাদ প্রধান কার্যালয়ের আবাসিক এলাকায়ও ওই সময়ে গ্যাস থাকে না। বাখরাবাদের ৩৫০ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা রয়েছে। পাওয়া যাচ্ছে ২১০ মিলিয়ন ঘনফুট। কুমিল্লা নগরে ৫০ মিলিয়ন ঘনফুট গ্যাসের বিপরীতে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস এ মৌসুমে পাওয়া যাচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, কুমিল্লা নগরের পশ্চিম বাগিচাগাঁও, পূর্ব বাগিচাগাঁও, অশোকতলা, রেসকোর্স, বিষ্ণুপুর, ছোটরা, চানপুর, হীরাপুর, আহমেদনগর, টমছমব্রিজসহ শহরতলির বিভিন্ন ইউনিয়নে গ্যাস-সংকট বেশি। গ্যাস না থাকার কারণে ওই সময়ে গৃহস্থালি কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকে।
নাম প্রকাশ না করার শর্তে নগরের ঝাউতলা এলাকার অন্তত পাঁচজন গ্রাহক জানান, অবৈধ গ্যাসলাইন বেড়ে যাওয়ায় এ সংকট তৈরি হয়েছে। এলপি (রূপান্তরিত প্রাকৃতিক) গ্যাস কোম্পানির কাছ থেকে সুবিধা পেয়ে হয়তো কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। যে কারণে মানুষ বিকল্প চুলায় রান্না করছে।
কুমিল্লার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ বলেন, ‘আমার এলাকার সাতটি গ্রামে সকাল ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত গ্যাস থাকে না। জনগণ প্রতিদিন গ্যাস-সংকট সমাধানের দাবিতে আমার বাসায় ভিড় করেন।’
নগরের পশ্চিম বাগিচাগাঁও রূপসী বাংলা ভবনের বাসিন্দা ফেরদৌস জাহান বলেন, সকাল আটটা থেকে বেলা আড়াইটা পর্যন্ত গ্যাস থাকে না। এতে শিশুর খাবারসহ পরিবারের অন্যদের খাবার তৈরি করা যাচ্ছে না।
চানপুর এলাকার গৃহবধূ ফাতেমা আক্তার বলেন, ‘বাখরাবাদ নিজেই জ্বলে না, অন্যকেও জ্বলতে দেয় না। যেখানে বাখরাবাদের মূল ভবন ও এর আশপাশে গ্যাস-সংকট রয়েছে, সেখানে আমরা পাব কেমন করে?’
বাখরাবাদ ক্যানটিনের ব্যবস্থাপক নিজাম উদ্দিন বলেন, সকাল আটটা থেকে বেলা তিনটা পর্যন্ত গ্যাস থাকে না। লাকড়ি দিয়ে চুলায় রান্না করে এখানকার কর্মকর্তা-কর্মচারীদের খাবার তৈরি করা হচ্ছে।
বিজিডিসিএল ঠিকাদার ফোরামের সাধারণ সম্পাদক খোরশেদ আলম সরকার বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আদর্শ সদর উপজেলার নন্দনপুর এলাকার পাইপে গ্যাসের ধারণক্ষমতা বাড়াতে হবে। ওই লাইনে গ্যাসের চাপ কম থাকায় জনভোগান্তি চরম আকার ধারণ করেছে। কেন্দ্রীয় নিয়ন্ত্রণ স্টেশনে গ্যাসের চাপ বাড়ালে অন্যান্য সংযোগ লাইনেও চাপ বাড়বে। মান্ধাতা আমলের কম ব্যাসের পাইপ থাকায় চাপ কম হচ্ছে।
বিজিডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রফিকুর রহমান বলেন, ‘বাখরাবাদেই গ্যাসের চুলা জ্বলছে না। আমার বাসায়ও গ্যাস নেই। এখানকার আবাসিক এলাকায় (কোয়ার্টার) গ্যাস নেই। গ্যাস আমরা দিই না, পেট্রোবাংলা থেকে দেওয়া হয়। শীতকালে গ্যাসের চাপ কম থাকায় এ অবস্থা হয়েছে। তবে কয়েকটি জায়গায় চাপ বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।’
সংযোগ ফি ২৭০০ টাকা বেড়েছে: নতুন করে আবাসিক গ্যাস-সংযোগের জন্য দুই হাজার ৭০০ টাকা বাড়ানো হয়েছে। এর মধ্যে সংযোগ ফি তিন হাজার ৫০০ টাকার পরিবর্তে ছয় হাজার টাকা এবং কমিশন ফি ৩০০ টাকার পরিবর্তে ৫০০ টাকা করা হয়েছে। তার ওপর রয়েছে শতকরা ১৫ ভাগ মূল্য সংযোজন কর (ভ্যাট)। নিয়মানুযায়ী, ১৫ কার্যদিবসে গ্যাস-সংযোগ দেওয়ার বিধান রয়েছে। কিন্তু এখন পর্যন্ত এক লাখ ৩০ হাজার গ্রাহক গ্যাস-সংযোগ পাচ্ছেন না।