কুমিল্লায় দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সচালকসহ দুজন নিহত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার দোতলা এলাকায় কাভার্ড ভ্যান ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সচালক আলী আকবর (৪০) নিহত ও অন্তত পাঁচজন আহত হয়েছেন। এ ছাড়া কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাতিমারা এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে ভ্যানচালক মানিক মিয়া (৩২) নিহত ও অন্তত পাঁচজন আহত হয়েছেন। গতকাল শনিবার ওই দুটি দুর্ঘটনা ঘটে।
চান্দিনা থানা-পুলিশ জানায়, চান্দিনার দোতলা এলাকায় গতকাল সকাল নয়টার দিকে ফেনী থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালগামী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সচালক আলী আকবর নিহত হন। তাঁর বাড়ি ঢাকার যাত্রাবাড়ী থানাধীন কুতুবখালীতে। এ দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন যাত্রাবাড়ী এলাকার নাজিম (৩৮), ফেনীর মহিপাল এলাকার নূরুল করিম (৬০), তাঁর মেয়ে মুক্তা (২৮), নাতি তাজমির (৪) ও নাতনি তাসপিয়া (৫)।
গতকাল বেলা একটার দিকে মনোহরগঞ্জের হাতিমারা এলাকায় ঢাকাগামী একুশে পরিবহনের একটি বাসের সঙ্গে নোয়াখালীগামী মালবোঝাই একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পিকআপের চালক মানিক নিহত এবং বাসের পাঁচ যাত্রী আহত হন।
মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।